রোজদিন ডেস্ক : বিধানসভা নির্বাচনের আগে বড় ধাক্কা সিপিএমের অন্দরে। দলের তরুণ শ্রমিক নেতা ইন্দ্রজিৎ ঘোষ কে মহিলাঘটিত অভিযোগে বহিষ্কার করলো রাজ্য সিপিএম নেতৃত্ব। আজ দলের রাজ্য কমিটির বৈঠকে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এই সিদ্ধান্ত ঘোষণা করেন।
সূত্রের খবর, এই বৈঠকে রাজ্য কমিটির সদস্য হিসাবে ইন্দ্রজিৎ ঘোষও উপস্থিত ছিলেন। তিনি অবশ্য বেশি কিছু বলার সুযোগও পান নি। অন্যরাও চুপ করেছিলেন। বেলঘড়িয়ার জনৈক তরুণী ইন্দ্রজিৎ ঘোষের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে দলে নালিশ জানান। তাঁর পরিবারও সিপিএমের সঙ্গে ঘনিষ্ঠ। রাজ্য নেতৃত্ব বিষয়টি তদন্ত করে দিল্লিতে পাঠায়। কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করে।
উল্লেখ্য, ছাত্র, যুব সংগঠন থেকে দলের শ্রমিক সংগঠন সিটুতে পরিচিত মুখ হয়ে ওঠেন ইন্দ্রজিৎ ঘোষ। নিয়োগ দুর্নীতি সহ দলের একাধিক আন্দোলনের সামনের সারিতে তাঁকে দেখা গেছে। একাধিক জনপ্রিয় টি ভি চ্যানেলের আলোচনায়ও তিনি অংশ নিতেন। তবে বেশ কিছুদিন এই সব অনুষ্ঠানে তাঁকে দেখা যায়নি। সূত্রের খবর, বেলঘড়িয়ার তরুণীর অভিযোগকে গুরুত্ব দিয়ে তদন্তে নামেন সিপিএম নেতারা। জানা যায়, ওই তরুণী ছাড়া ও আরও অনেকের সঙ্গে অভিযুক্ত ইন্দ্রজিৎ ঘোষের সম্পর্ক ছিল। যা নিয়ে ক্ষুব্ধ দল। তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রসঙ্গত, সম্প্রতি প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ, বংশগোপাল চৌধুরী, তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধে ও মহিলাঘটিত অভিযোগে ব্যবস্থা নেয় সিপিএম।
তারও আগে আর এক তরুণ নেতা ঋতব্রত ব্যানার্জিকেও একই অভিযোগে বহিষ্কার করেছিল সিপিএম। শাসক টিএমসি তাঁকে সাদরে গ্রহণ করে।
তাঁকে রাজ্যসভার সাংসদ ও দলের শ্রমিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদও দেওয়া হয়েছে।
ইন্দ্রজিৎ ঘোষ কি করবেন রাজনৈতিক মহলে তা নিয়ে গুঞ্জন উঠেছে।
সুত্রের খবর, কলকাতা সহ জেলাতেও অনেকের বিরুদ্ধে এই ধরনের তদন্ত চলছে।

Be the first to comment