রোজদিন ডেস্ক :
কলকাতার প্রাণ কেন্দ্রে এক নামী পাঁচ তারা হোটেলের ঘর থেকে আজ এক বিদেশি নাগরিকের দেহ উদ্ধার নিয়ে তীব্র চাঞ্চল্য দেখা দেয়। টমাস লিন নামের মৃত ব্যক্তি জার্মানির নাগরিক। অভিজাত এই হোটেলে তাঁর মৃতদেহ উদ্ধার নিয়ে কলকাতা পুলিশে চূড়ান্ত তৎপরতা শুরু হয়েছে। তদন্ত করছেন লালবাজার হোমিসাইডের গোয়েন্দারা।
সূত্রের খবর, আজ সকালে হোটেলের কর্মীরা তাঁকে বারবার ডেকে ও সাড়া না পাওয়ায় হোটেল কর্তৃপক্ষকে জানান। কর্তৃপক্ষ ডুপ্লিকেট চাবি দিয়ে ঘরে ঢুকে শিউরে ওঠেন। মেঝেয় তাঁর নিথর দেহ দেখে চিকিৎসককে খবর দেওয়া হয়। তিনি বিদেশি যুবককে পরীক্ষা করে মৃত ঘোষণা করলে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে সব কিছু খতিয়ে দেখছে। তিনি কবে এখানে আসেন, কেন আসেন,তাঁর সঙ্গে কেউ দেখা করতে এসেছিলেন কিনা, সব তথ্য খতিয়ে দেখা হচ্ছে।
হোটেল কর্মীদের জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজও পরীক্ষা করে দেখছেন তদন্তকারীরা।
মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে, টমাস লিনের মৃত্যু স্বাভাবিক কিনা এই রিপোর্ট পেলে তা জানা যাবে।

Be the first to comment