ABHISHEK BANERJEE: সেবাশ্রয় মামলায় স্বস্তি অভিষেকের, অন্তর্বর্তী নির্দেশের মেয়াদ বাড়ল ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত

Spread the love

প্রতিবেদন: সেবাশ্রয় ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া সব এফআইআর-এ অন্তর্বর্তী নির্দেশের মেয়াদ বাড়িয়ে দিল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য গত ৭ সেপ্টেম্বর, ২০২৬-এ দেওয়া অন্তর্বর্তী নির্দেশের মেয়াদ আগামী ২৬ ফেব্রুয়ারি, ২০২৭ পর্যন্ত বাড়িয়ে দেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে এদিন আদালতে সওয়াল করেন আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ। তিনি অন্তর্বর্তী নির্দেশের মেয়াদ বাড়ানোর আবেদন জানান। কারণ, বর্তমান নির্দেশের মেয়াদ ছিল ৩০ নভেম্বর, ২০২৬ পর্যন্ত। রাজ্যের হয়ে রাজদীপ মজুমদার মেয়াদ বৃদ্ধির বিরোধিতা করেন। তিনি বিষ্ণুপুর থানা, রবীন্দ্রনগর থানা এবং জীবনতলা থানায় দায়ের হওয়া তিনটি এফআইআর-এর স্ট্যেটাস রিপোর্ট আদালতে জমা দেন। অন্তর্বর্তী নির্দেশের মেয়াদ বাড়ানোর সময় আদালত পর্যবেক্ষণে জানায়, যেহেতু মামলাগুলিতে তদন্ত এখনও চলছে, তাই অন্তর্বর্তী নির্দেশের মেয়াদ না বাড়ানোর কোনও কারণ নেই। অন্য আর একটি মামলায়, বিচারপতি ভট্টাচার্য গত ২৫ অগস্ট, ২০২৬-এ যে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিলেন, তার বিরুদ্ধে রাজ্য সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছে। তবে এখনও পর্যন্ত শীর্ষ আদালত কোনও নির্দেশ দেয়নি। ফলে আদালত ২৫ অগস্টের অন্তর্বর্তী নির্দেশের মেয়াদও ২৬ ফেব্রুয়ারি, ২০২৭ পর্যন্ত বাড়িয়ে দিল। ফলে সেবাশ্রয় নিয়ে এই সময়সীমার অভিষেকের বিরুদ্ধে কোনও কঠোর ব্যবস্থা নেওয়া যাবে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*