নাগরিকত্ব হরণ ও ভোটবন্দির চক্রান্তের বিরুদ্ধে জোট বাঁধার আহ্বান CPIML লিবারেশনের

Spread the love

রমিত সরকার/ নদীয়া :
সিপিআইএমএল লিবারেশনের উদ্যোগে শুরু হয়েছে দু-দিন ধরে ভোটাধিকার রক্ষা যাত্রা। ২০ ডিসেম্বর উত্তর ২৪ পরগনা জেলার ঠাকুর নগর এই যাত্রা শুরু হয় এবং ২১ ডিসেম্বর নদীয়া জেলার কৃষ্ণনগর হয়ে ধুবুলিয়া নেতাজি পার্কে সমাপ্ত হওয়ার কথা। দুদিন ধরে চলা এই ভোটাধিকার রক্ষা যাত্রা রাস্তায় বিভিন্ন শহর, গ্রামগঞ্জের বাজার ও জনবহুল এলাকায় গণসংগীত ও বক্তব্যের মধ্য দিয়ে নাগরিকদের ভোটাধিকার রক্ষার বিষয়ে বক্তব্য রাখেন। বিভিন্ন বক্তা তাদের বক্তব্যে বলেন, ভোটাধিকার কোনো দয়া বা ভিক্ষা নয়, এটা নাগরিকদের মৌলিক গণতান্ত্রিক অধিকার। সাংবিধানিক অধিকারবলে জন্মসূত্রে বা দীর্ঘদিন এ দেশে বসবাসের সুবাদে আমরা প্রত্যেকেই এ দেশের নাগরিক। অথচ আজ ভোটার তালিকা সংশোধনের নামে কেন্দ্রীয় সরকার সেই অধিকারকেই নতুন করে প্রশ্নের মুখে ফেলে দিছে।

তাদের দাবি ২০২৪ সালের ভোটার তালিকায় যারা ছিলেন এবং যাদের ভোটে বর্তমান সরকার ও নির্বাচন কমিশন বৈধতা পেয়েছে, হঠাৎ করে তাদের নাগরিকত্ব বা ভোটাধিকার নিয়ে প্রশ্ন তোলা যাবে না। একবার ভোটার হিসেবে স্বীকৃতি পাওয়া মানুষকে পরে ‘সন্দেহভাজন’ বানানো সংবিধান-বিরোধী। ‘ঘুসপেটিয়া’, ‘বাংলাদেশী’, ‘রোহিঙ্গা’ এসব মিথ্যাচার করে মানুষের মধ্যে ঘৃণা বিদ্বেষ ছড়ানো অপরাধ।
এস‌আইআর’ (SIR)-এর নামে বিভিন্ন অঞ্চলে এক গভীর সংকট তৈরি করা হয়েছে। ‘আনম্যাপিং’-এর অজুহাতে ১০ শতাংশেরও বেশি মানুষকে হিয়ারিং-এর নোটিশ ধরানো হচ্ছে। মতুয়া, নমঃশুদ্র, আদিবাসী, সংখ্যালঘু ও প্রান্তিক মানুষেরা আজ নথি জোগাড় করতে দিশেহারা। বিশেষজ করে সমস্যায় পড়েছেন মহিলারাও। উপরন্তু সরকারি দপ্তরের ভোটার তালিকায় বানান বিভ্রাট বা ডাটা এন্ট্রির গাফিলতির দায়‌ও কেন সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হবে? হিয়ারিং-এর নামে এই হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে।

CPIML এর দাবি জানাচ্ছে যে,
২০২৪ সালের ভোটার তালিকায় থাকা কোনো নাগরিকের ভোটাধিকার কেড়ে নেওয়া চলবে না।
এস‌আইআর (SIR)-এর নামে নাগরিকত্ব যাচাই ও হিয়ারিং-এর হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে।
ভোটার তালিকা বিভ্রাটের প্রশাসনিক গাফিলতির দায় কোনো নাগরিকের ওপর চাপানো চলবে না।
সিএএ (CAA)-র নামে মানুষকে ‘বেনাগরিক’ করার চক্রান্ত বন্ধ করতে হবে।
সর্বজনীন ভোটাধিকার রক্ষায় নির্বাচন কমিশনকে সাংবিধানিক সীমার মধ্যে কাজ করতে হবে।
এবং রাজ্য সরকারকে পৌরসভা ও পঞ্চায়েতের মাধ্যমে নাগরিকদের প্রয়োজনীয় নথি সরবরাহ করতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*