ফর্ম ৬ উত্তাপ বাড়ছে, সিইও দফতর ঘিরে জারি কড়া নিরাপত্তা

Spread the love

রোজদিন ডেস্ক : ফর্ম ৬ জমা নিয়ে তৃণমূল ও বিজেপির সংঘাত ক্রমশ বাড়ছে। এই নিয়ে বড়সড় অশান্তির আশঙ্কায় কড়া পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। বিবাদি বাগে অবস্থিত রাজ্যের সিইও দফতরকে ঘিরে বাড়ানো হল নিরাপত্তা। স্ট্র্যান্ড রোড সংলগ্ন এলাকায় ১৬৩ ধারা জারি রেখে তার পরিসরও আরও বিস্তৃত করা হয়েছে। লালবাজার সূত্রে জানা গিয়েছে, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে আশঙ্কা করা হচ্ছে, সিইও দফতরের সামনে বড় ধরনের বিক্ষোভ বা হিংসাত্মক পরিস্থিতি তৈরি হতে পারে, যা শান্তি ভঙ্গ করতে পারে। সেই কারণেই আগের নির্দেশিকার সীমানা সংশোধন করে নতুন করে কড়াকড়ি আরোপ করা হয়েছে। নয়া নির্দেশ অনুযায়ী, স্ট্র্যান্ড রোডের সম্পূর্ণ অংশ, কয়লাঘাটা ক্রসিং থেকে কিরণশঙ্কর রায় রোড ক্রসিং পর্যন্ত, এবং রাস্তার দু’পাশের ফুটপাথ জুড়েই বিধিনিষেধ জারি থাকবে। আগে এখানকার একটি অংশ বিধিনিষেধের বাইরে থাকলেও বর্তমান পরিস্থিতিতে গোটা এলাকাকেই নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে। সিপি অজয় নন্দার স্বাক্ষরিত এই সংশোধিত নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, ২৩ মার্চ জারি হওয়া আগের নির্দেশিকার অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে। গত কয়েক দিন ধরে সিইও দফতরের সামনে ফর্ম ৬ নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। সোম ও মঙ্গলবার দফায় দফায় উত্তেজনার পর এই বাড়তি সতর্কতা লাগু করা হল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*