নিজস্ব প্রতিবেদক, রানাঘাট:
নদীয়ার রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভা কেন্দ্রের শান্তিপুর ব্লকের আরবান্দি এক নম্বর পঞ্চায়েত এলাকায় ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ পড়ার অভিযোগে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। উত্তর চাঁদরা অঞ্চলের একাধিক বুথে এই ঘটনা সামনে আসতেই ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর চাঁদরা অঞ্চলের ১৮ নম্বর বুথের মাঠপাড়ায় ৩০৫ জন, ১৯ নম্বর বুথের দেবনাথ পাড়ায় ৪৭৪ জন এবং ২৪ নম্বর বুথের মধ্য চাঁদরায় ৪০৭ জন ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এছাড়াও ২০ নম্বর খলসি বুথে ১৪২ জন এবং ২৩ নম্বর বুথের দক্ষিণ চাঁদরায় ৯৫ জনের নাম তালিকায় নেই বলে অভিযোগ উঠেছে। সব মিলিয়ে প্রায় ১৩ হাজার বিচারাধীন ভোটারের মধ্যে প্রায় চার হাজার মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ সামনে এসেছে।
এই বাদ পড়া ভোটারদের মধ্যে আদিবাসী, খ্রিস্টান সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের নাম রয়েছে বলে দাবি করা হয়েছে। ভোটাধিকার হারানোর আশঙ্কায় ক্ষোভ এবং অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তাঁরা।
এদিকে, এই পরিস্থিতিতে বৈধ ভোটারদের নাম পুনরায় তালিকাভুক্ত করতে উদ্যোগী হয়েছে তৃণমূল কংগ্রেস। স্থানীয় নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, নাম বাদ যাওয়া ভোটারদের প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের জন্য আগামীকাল ফুলিয়া রঙ্গমঞ্চের সামনে শিবির করা হবে। এক আইনজীবীও এলাকাবাসীদের পরামর্শ দিয়েছেন কীভাবে পুনরায় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা সম্ভব।
শান্তিপুর ব্লক বি তৃণমূল কংগ্রেসের নির্বাচন কমিটির সদস্য কানাই দেবনাথ অভিযোগ করে বলেন, বিজেপির পক্ষ থেকে পূর্বে বলা হয়েছিল রোহিঙ্গা ও অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়া হবে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বৈধ হিন্দু ভোটারদের নামও তালিকা থেকে বাদ যাচ্ছে। তাঁর দাবি, শুধুমাত্র তাঁর তিনটি বুথ থেকেই ১১২৪ জনের নাম বাদ গিয়েছে এবং এই বিষয়ে আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
অন্যদিকে, অভিযোগ উড়িয়ে দিয়ে রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থী পার্থসারথি চট্টোপাধ্যায় বলেন, এই বিভ্রান্তি তৈরির জন্য তৃণমূলই দায়ী। তাঁর কথায়, যাঁদের নাম বাদ গিয়েছে তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন এবং বিজেপিও তাঁদের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা করবে।
ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই এই ইস্যু ঘিরে উত্তাপ বাড়ছে শান্তিপুরের রাজনৈতিক মহলে।

Be the first to comment