রোজদিন ডেস্ক: ফের বাসভাড়া বৃদ্ধির দাবিতে সরব হল বেসরকারি বাস মালিকদের সংগঠন সিটি সাবার্বান বাস সার্ভিস। জ্বালানির লাগাতার মূল্যবৃদ্ধির জেরে বর্তমান ভাড়ায় বাস চালানো কার্যত অসম্ভব হয়ে উঠেছে বলে দাবি জানিয়ে পরিবহণ সচিবকে চিঠি দিলেন সংগঠনের কর্তারা।সংগঠনের তরফে জানানো হয়েছে, ২০১৮ সালে শেষবার বাসভাড়া সংশোধন হয়েছিল। তখন ডিজেলের দাম ছিল লিটার প্রতি ৬৮ টাকা। বর্তমানে তা বেড়ে হয়েছে ৯২.০৪ টাকা। অথচ ভাড়া একই রয়েছে। তাদের অভিযোগ ২০২০ ও ২০২১ সালে ভাড়া বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখতে রাজ্য সরকার কমিটি গঠন করেছিল। সেই রিপোর্ট এখনও প্রকাশ করা হয়নি। বাস মালিকদের দাবি, জ্বালানি ছাড়াও যন্ত্রাংশ, বিমা ও কর্মীদের বেতন বৃদ্ধির ফলে পরিষেবা চালানোই কঠিন হয়ে দাঁড়িয়েছে। বহু বাস রাস্তায় আর নামানো হচ্ছে না। দ্রুত ভাড়া না বাড়ালে বেসরকারি বাস পরিষেবা আরও সংকটে পড়বে বলে আশঙ্কায় তারা।

Be the first to comment