সাত সকালে ইটাহারে মর্মান্তিক পথদুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ জন, আহত আরও ৮ জন

Spread the love

প্রতিবেদন: রোজকার মতো শুক্রবার সকালেও তারা কাজে বেরিয়েছিলেন। কিন্তু কে জানতে তাদের জন্য অপেক্ষা করছে এই ভয়ঙ্কর পরিণতি। সাত সকালেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। কাজে যাওয়ার পথে এক লরির ধাক্কায় প্রাণ হারালেন তিনজন। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৮ জন। হতাহতেরা সবাই দৈনিক শ্রমিকের কাজ করতেন বলেই জানা গিয়েছে। উত্তর দিনাজপুরের ইটাহার বালিয়াপাড়া সংলগ্ন জাতীয় সড়কের ঘটনা। মৃতদের নাম, তপো মার্ডি (৩৭), অলোক বর্মণ (৪৬) এবং ছেপো বর্মণ (৪৫)।পুলিশ জানিয়েছে, রায়গঞ্জের দুর্গাপুর কমলাই এলাকা থেকে এদিন সকালে একটি লরি করে তারা কাজে যাচ্ছিলেন। তারা সকলেই মূলত দিনমজুর হিসেবে কাজ করেন। বালিয়াপাড়া জাতীয় সড়কে সেই লরি থেকে শ্রমিকরা নামার সময় পেছন থেকে আসা মালদাগামী আর একটি লরি এসে সজোরে ধাক্কা মারে। সেই জেরে ছিটকে যান শ্রমিকরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আরও দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। কয়েকজনকে ইটাহার হাসপাতালে এবং বাকিদের রায়গঞ্জ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। ঘাতক লরিকে আটক করা হয়েছে। তবে লরিচালক পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*