স্বাধীনতা দিবসের আগে লোকভবনে বিশেষ প্রদর্শনী ‘সেলিব্রেটিং ফ্রিডম থ্রু বেঙ্গল’, আগামীকাল শনিবার উদ্বোধন করবেন রাজ্যপাল

Spread the love

প্রতিবেদন: স্বাধীনতা দিবসের আগে বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে লোক ভবন। আগামীকাল শনিবার, ৮ অগাস্ট বিকেল ৫টায় লোক ভবনের মার্বেল হলে ‘সেলিব্রেটিং ফ্রিডম থ্রু বেঙ্গল’ শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন করবেন রাজ্যপাল আর এন রবি। ৯ থেকে ১৪ অগাস্ট পর্যন্ত সাধারণ দর্শক এবং পড়ুয়াদের জন্য প্রদর্শনী খোলা থাকবে। স্বাধীনতা আন্দোলনে বাংলার অবদান সম্পর্কে নতুন প্রজন্মকে পরিচিত করে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে তাদের পড়ুয়াদের নিয়ে প্রদর্শনী দেখার আহ্বান জানানো হয়েছে। প্রদর্শনীতে স্থান পেয়েছে স্বাধীনতা সংগ্রামের নানা দুর্লভ স্মারক। নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাক্ষর-সহ ছবি, তাঁর লেখা চিঠি, চিকিৎসক ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের পাঠানো টেলিগ্রাম, আজাদ হিন্দ সরকারের ১৩টি পদকের সম্পূর্ণ সংগ্রহ, রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাক্ষরিত ছবি, নন্দলাল বসু ও তাঁর সমসাময়িক শিল্পীদের স্বাক্ষরিত মৌলিক শিল্পকর্ম, স্বাধীনতা আন্দোলনের বিশিষ্ট ব্যক্তিত্বদের স্বাক্ষর এবং শতবর্ষ প্রাচীন কলকাতার দুর্লভ পোস্টকার্ডও থাকছে প্রদর্শনীতে। ঐতিহাসিক স্মারক সংরক্ষণে নিয়োজিত ‘ক্যালকাটা কালেক্টর্স ক্লাব’-এর সহযোগিতায় এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলেই জানিয়েছে লোকভবন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*