মৃণাল সরকার, কলকাতা:
আগামী তিন বছরে রাস্তার হাল ফেরাতে লক্ষ্যমাত্রা, নবান্নে নীতিন গডকড়ির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী দক্ষিণেশ্বর থেকে বেলুড়, কার্শিয়াং থেকে দার্জিলিং—এ বার রোপওয়ের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা। রাজ্যের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ বড় প্রকল্পের রূপরেখা তৈরি করতে বৃহস্পতিবার নবান্ন সভাঘরে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গডকড়ি এবং মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, হোম সেক্রেটারি-সহ রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা।
কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে বাংলার সড়ক যোগাযোগ ব্যবস্থাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই বৈঠক বলে প্রশাসনিক সূত্রে খবর। আগামী তিন বছরের মধ্যে রাজ্যের রাস্তা ও সড়ক পরিকাঠামোর আমূল উন্নয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কেন্দ্র। জাতীয় সড়ক কর্তৃপক্ষের (এনএইচএআই) নির্ধারিত মান বজায় রেখে রাজ্যের রাস্তাগুলি তৈরি ও সংস্কারের উপর বিশেষ জোর দিয়েছেন গডকড়ি।
কলকাতা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত—সর্বত্র উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে যে সমস্ত রাস্তার অবস্থা বেহাল, সেগুলির দ্রুত সাময়িক সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে। তবে শুধু সাময়িক মেরামতি নয়, আগামী তিন বছরের মধ্যে রাস্তার সমস্যার স্থায়ী সমাধান করাই কেন্দ্রের লক্ষ্য।
সড়ক পরিকাঠামোর পাশাপাশি বিকল্প যোগাযোগ ব্যবস্থার দিকেও নজর দিচ্ছে কেন্দ্র ও রাজ্য। সেই পরিকল্পনার অন্যতম আকর্ষণ একাধিক রোপওয়ে প্রকল্প। দক্ষিণেশ্বর থেকে বেলুড় এবং কার্শিয়াং থেকে দার্জিলিংয়ের মধ্যে রোপওয়ে চালুর ভাবনা রয়েছে। এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে পর্যটন ও যাতায়াত—দুই ক্ষেত্রেই নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
সার্বিক ভাবে কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে বাংলার যোগাযোগ ব্যবস্থার চেহারা বদলানোর লক্ষ্য নেওয়া হয়েছে। আগামী তিন বছরের এই পরিকাঠামো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হলে সড়ক যোগাযোগের পাশাপাশি পর্যটন ক্ষেত্রেও নতুন গতি আসতে পারে।

Be the first to comment