রোজদিন ডেস্ক : পালাবদলেট পর তাঁর বিরুদ্ধে গণ্ডা গন্ডা এফআইআর দায়ের হয়েছে রাজ্যের বিভিন্ন থানায়। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের নতুন করে আরও একটি অভিযোগ দায়ের হল কালীঘাট থানায়। আর সেটি করলেন অভিষেকের কাকা বাবুন ওরফে স্বপন বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ভাইপো অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তিনি। এফআইআর রুজু করে তদন্ত শুরু করার আর্জিও জানান বাবুন। থানা থেকে বেরিয়ে তিনি বলেন, আমি আগে দেশের একজন নাগরিক, পরে কাকা। আমার মনে হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভাবে এবং যে ভাষায় সরকারি কর্মীদের হুমকি দিচ্ছেন, অপমান করছেন, সেটা ঠিক হচ্ছে না। আমার মনে হয়েছে, এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া উচিত। আমাকেও দীর্ঘদিন ধরে নানা হুমকির মধ্যে দিয়ে কাটাতে হয়েছে। ২০২৪ সালের পর থেকে লাগাতার এই ঘটনা ঘটছে। আজও তা চলছে। সেই কারণেই আজ কালীঘাট থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানালাম। তাঁর আরও অভিযোগ, রাজ্যজুড়ে তৃণমূল কর্মীদেরও অপমান করছেন অভিষেক। তাঁর দাবি, ক্ষমতাচ্যুত হওয়ার পরেও দলের কর্মীদের বারবার হুমকি দিয়েছেন অভিষেক। তিনি আরও বলেন, ২০২৪ সালের পর থেকে ভাইপোর সঙ্গে আমার কোনও যোগযোগ নেই। কথাবার্তাও নেই। তাই তার সঙ্গে এই বিষয়ে কথা বলার প্রয়োজন মনে করিনি। তবে নিজের দিদি তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিছু বলতে অস্বীকার করেন তিনি।

Be the first to comment