আধুনিকতার চাকচিক্যেও অমলিন প্রাচীন ঐতিহ্য, সাড়ে চারশো বছরের ইতিহাস বুকে নিয়ে শান্তিপুরের রাস উৎসব

Spread the love

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর: আধুনিক আলোকসজ্জা, চোখধাঁধানো থিম আর বর্ণাঢ্য শোভাযাত্রার জাঁকজমক—সবকিছুর মাঝেও নিজের প্রাচীন ঐতিহ্য ও ধর্মীয় পরম্পরাকে আজও অক্ষুণ্ণ রেখেছে নদিয়ার শান্তিপুর। এখানকার রাস উৎসব শুধুমাত্র উৎসবের উদ্‌যাপন নয়, বরং কয়েক শতাব্দীর ইতিহাস, বৈষ্ণব ভাবধারা, পারিবারিক ঐতিহ্য এবং প্রাচীন শিল্প-সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন। কোথাও বেলজিয়াম কাঁচের বেলোয়ারি ফানুস ও বিশেষ মোমবাতির আলোয় পূজিত হচ্ছেন রাধাকৃষ্ণ, আবার কোথাও কাঠের চাকে ঘুরছেন বিগ্রহ। প্রায় সাড়ে চারশো বছরের প্রাচীন বড় গোস্বামী বাড়ি থেকে শুরু করে চক্রফেরা গোস্বামী বাড়ি, মঠবাড়ি কিংবা দীনদয়াল বাবুর বাড়ি—প্রতিটি বিগ্রহ বাড়ির নিজস্ব রীতি, ইতিহাস ও ঐতিহ্য শান্তিপুরের রাস উৎসবকে দিয়েছে স্বতন্ত্র পরিচয়।

শান্তিপুরের রাস উৎসবের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ নাম বড় গোস্বামী বাড়ি। আনুমানিক সাড়ে চারশো বছর আগে বাড়ির প্রতিষ্ঠাতা মথুরেশ গোস্বামীর হাত ধরেই এই উৎসবের সূচনা বলে জানা যায়। প্রচলিত কাহিনি অনুযায়ী, একসময় পরিবারের ইষ্টদেবতা রাধারমন জিউ চুরি হয়ে গেলে দেবী কাত্যায়নীর ব্রত করে তাঁকে ফিরে পান পরিবারের সদস্যরা। রাধারমন একা রয়েছেন, এই ভাবনা থেকেই পরবর্তীকালে প্রতিষ্ঠা করা হয় রাধারানির বিগ্রহ। এরপর বিবাহের রীতি মেনে শুরু হয় রাসলীলা। রাসের দিন নহবত ও সানাইয়ের মঙ্গলধ্বনির মধ্য দিয়ে রাধারমন জিউকে রাসমঞ্চে তোলা হয়। তিন দিন ধরে চলে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান। শুধু বড় গোস্বামী বাড়িই নয়, শান্তিপুরের প্রায় ৪০টি গোস্বামী বাড়িতে নিজস্ব রীতিতে পালিত হয় রাস উৎসব। সোনার অলংকারে সজ্জিত অষ্টধাতুর বিগ্রহ দর্শনে প্রতিবছরই দূরদূরান্ত থেকে ভক্তদের সমাগম ঘটে।

তবে শান্তিপুরের রাস উৎসবের অন্যতম ব্যতিক্রমী আকর্ষণ চক্রফেরা গোস্বামী বাড়ির কাঠের চাকে ঘূর্ণায়মান রাধাকৃষ্ণ। প্রায় চারশো বছরের প্রাচীন এই প্রথা অনুযায়ী, রাসের দু’দিন সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ পুজো সম্পন্ন হওয়ার পর কাঠের চাকে বসিয়ে ঘোরানো হয় রাধাবল্লভ ও রাধারানিকে। বাড়ির সম্পাদক শশাঙ্ক চক্রবর্তী জানান, স্বয়ং অদ্বৈতাচার্য এই বাড়ির নামকরণ করেছিলেন ‘চক্রফেরা’। তাঁর কথায়, বৃন্দাবনে অষ্টসখী পরিবেষ্টিত শ্রীকৃষ্ণের ঘূর্ণায়মান রূপ দেখে তিনি তাঁর নাতি রামেশ্বর গোস্বামী চক্রবর্তীকে এই মন্দির ও কাঠের চাক উপহার দিয়েছিলেন। একসময় কলা ও তেল দিয়ে চাক পিচ্ছিল করে হাতে ঘোরানো হতো। বর্তমানে বর্ধমানের এক কারিগরের সহায়তায় মোটরের সাহায্যে ঘোরানো হয় সেই প্রাচীন চাক। এই বাড়ির রাস উৎসবের আরও একটি বিশেষ আকর্ষণ নহবতের সানাই। ভোর সাড়ে পাঁচটা থেকে ছ’টা এবং সন্ধ্যা থেকে রাত এগারোটা পর্যন্ত মুর্শিদাবাদের শিল্পীদের সানাইয়ের সুরে মুখরিত থাকে এলাকা। পাশাপাশি ময়ূরপঙ্খী ও রাইরাজা শোভাযাত্রাও উৎসবের অন্যতম আকর্ষণ।

অন্যদিকে, দীনদয়াল বাবুর বাড়ির রাধারমণ জিউ মন্দিরে এবছর রাস উৎসব ২২৬ বছরে পদার্পণ করেছে। ১৮০০ খ্রিস্টাব্দে, ১২০৭ বঙ্গাব্দে এই মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরের সাত খিলানবিশিষ্ট বিশাল দালান আজও বহন করে চলেছে প্রাচীন স্থাপত্যের সাক্ষ্য। পরিবারের বর্তমান প্রজন্মের সদস্য কৃশানু প্রামাণিক জানান, বিদ্যুতের প্রচলনের আগে সন্ধ্যার নিত্যসেবা এবং মন্দির আলোকিত করার জন্য বেলজিয়াম থেকে আনা বেলোয়ারি ফানুস ও মোমবাতিই ছিল একমাত্র ভরসা। সেই পুরনো পরম্পরা মেনেই রাসের দিনগুলিতে এখনও প্রাচীন ফানুসের আলোয় সাজানো হয় মন্দির। বিশেষ পদ্ধতিতে তৈরি মোমবাতির সলতে লম্বভাবে বসানো থাকে। ফলে মোম ধীরে গলে দীর্ঘক্ষণ আলো দেয়। পরিবারের আলোর ঘরে সারা বছর অত্যন্ত যত্নে সংরক্ষণ করা হয় এই দুষ্প্রাপ্য ফানুসগুলি।

প্রায় ৩০০ বছরেরও বেশি সময়ের ঐতিহ্য বহন করে চলেছে শান্তিপুরের মঠবাড়ি। মঠবাড়ির অন্যতম অংশীদার দেবাশিস মঠ জানান, তাঁদের বিগ্রহ একসময় বর্ধমানের জাহাননগরে প্রতিষ্ঠিত ছিল। সেখান থেকে প্রায় ৩৫০ বছর আগে শান্তিপুরে আসার পর থেকেই এই বাড়িতে রাস উৎসবের প্রচলন। এখানকার বিশেষত্ব, রাস উৎসবে কোনও বৈদ্যুতিক আলো ব্যবহার করা হয় না। বেলজিয়াম কাঁচের প্রাচীন ফানুস, প্রদীপ এবং বিশেষভাবে তৈরি মোমবাতির আলোতেই বিগ্রহ দর্শন করেন ভক্তরা। শান্তিপুরের এক বিশেষ কারিগরের তৈরি এই মোমবাতি একটানা প্রায় ছয় থেকে সাত ঘণ্টা জ্বলে। আশ্চর্যের বিষয়, মোমবাতিগুলি গলে পড়ে না, বরং বাষ্প হয়ে উবে যায়। মঠবাড়িতে রাসের দিনেও সারা বছরের নিত্যসেবা ও ভোগ নিবেদনের নিয়ম মেনেই পুজো সম্পন্ন হয়। পরিবারের সদস্যরা ভাঙা রাসের শোভাযাত্রায় অংশ নেন না। কারণ, বাড়িতে শাক্ত মতে পটেশ্বরী পুজোর প্রচলন রয়েছে। তাই রাসের পর ভাঙা রাসের দিন তাঁরা মেতে ওঠেন দেবীর আরাধনায়।

প্রাচীন বিগ্রহ বাড়িগুলির ঐতিহ্য ও পরম্পরার পাশাপাশি শান্তিপুরের রাস উৎসবকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। বিধায়ক স্বপন কুমার দাস জানান, উৎসবকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে শান্তিপুরবাসী সম্মিলিতভাবে উদ্যোগী হয়েছেন। শহরের বর্ণাঢ্য আলোর মেলার প্রশংসা করার পাশাপাশি উৎসবের বিভিন্ন নির্দিষ্ট জায়গা থেকে পুষ্পবৃষ্টির আয়োজনের কথাও জানিয়েছেন তিনি। প্রশাসনের নির্ধারিত সময়সূচি মেনে বারোয়ারিগুলিকে শোভাযাত্রায় অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উৎসব চলাকালীন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে জেলাশাসক, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার এবং মহকুমা শাসক-সহ প্রশাসনের আধিকারিকরা সক্রিয় রয়েছেন বলেও জানান বিধায়ক।

সময়ের সঙ্গে বদলেছে উৎসবের আয়োজন, বেড়েছে আলোর ঝলকানি ও আধুনিকতার ছোঁয়া। কিন্তু শান্তিপুরের প্রাচীন বিগ্রহ বাড়িগুলিতে রাস উৎসবের মূল সুর আজও একই—বিশ্বাস, ভক্তি, পারিবারিক পরম্পরা এবং নিজস্ব ধর্মীয় রীতিনীতি। কোথাও কয়েক শতাব্দী পুরনো বেলজিয়াম কাঁচের ফানুসের আলো, কোথাও কাঠের চাকে ঘূর্ণায়মান রাধাকৃষ্ণ, আবার কোথাও নহবতের সানাইয়ের মূর্ছনা—সব মিলিয়ে শান্তিপুরের রাস উৎসব যেন ইতিহাসের এক জীবন্ত দলিল। বৈষ্ণব ও শাক্ত ভাবধারার সহাবস্থান এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে ঐতিহ্যকে আগলে রাখার এই প্রয়াসই শান্তিপুরের রাস উৎসবকে বাংলার সাংস্কৃতিক মানচিত্রে এক অনন্য স্থান দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*