নবদ্বীপে রাসযাত্রার শোভাযাত্রায় তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ, রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থা ও মারধরের অভিযোগ; মুখ্যমন্ত্রীকে চিঠি

Spread the love

সুস্মিত মজুমদার :
ঐতিহ্যবাহী নবদ্বীপের রাসযাত্রার বিসর্জন শোভাযাত্রায় তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দ মহারাজকে গালিগালাজ ও শারীরিকভাবে হেনস্থা করার অভিযোগ উঠল। গত শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা পৌনে ছ’টা নাগাদ প্রাচীন মায়াপুর রামকৃষ্ণ মিশনের সামনে এই ঘটনা ঘটে। এই মর্মে ওই দিন রাতেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জরুরি ইমেল মারফত লিখিত অভিযোগ জানিয়ে আইনি পদক্ষেপের আর্জি জানিয়েছেন মহারাজ। পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি, স্বরাষ্ট্র সচিব, নদিয়ার জেলাশাসক, কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার, নবদ্বীপের বিধায়ক, নবদ্বীপ থানার আইসি এবং কেন্দ্রীয় রাস উৎসব কমিটিকেও অভিযোগের প্রতিলিপি পাঠানো হয়েছে।মিশন সূত্রে ও স্বামী অমরেশ্বরানন্দ মহারাজের বক্তব্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় মিশনের সার্বজনীন প্রার্থনাগৃহে যখন সন্ধ্যারতি চলছিল, ঠিক তখনই রানিরচড়া বটতলার ‘সতীর দেহত্যাগ বারোয়ারি কমিটি’র (লাইসেন্স নম্বর ৬১) বিসর্জন শোভাযাত্রা মিশনের মূল ফটকের সামনে এসে দাঁড়ায় এবং উচ্চস্বরে ডিজে বাজিয়ে নাচানাচি শুরু করে। আরতিতে বিঘ্ন ঘটায় মহারাজ প্রথমে বেরিয়ে এসে সাউন্ড বক্সটি ঘুরিয়ে বাজানোর অনুরোধ করেন। কিন্তু কিছুক্ষণ পর শব্দের তীব্রতা আরও বেড়ে যায়, এমনকি মিশনের জানলা পর্যন্ত কাঁপতে থাকে। আরতির মাঝপথে পুনরায় মহারাজ বেরিয়ে এসে বাজনা কমানোর অনুরোধ জানালে কমিটির কয়েকজন সদস্য তাঁর সঙ্গে অভব্য আচরণ শুরু করে। অভিযোগ, জনসমক্ষেই তাঁকে গালিগালাজ ও শারীরিকভাবে নিগ্রহ করা হয় এবং এক যুবক তাঁর গলার গেরুয়া চাদর ধরে টেনে গেরুয়ার মর্যাদা নিয়ে কটাক্ষ করে। পরিস্থিতি উত্তপ্ত হলে মহারাজ নবদ্বীপ থানার আইসিকে ফোন করেন। খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যেই পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে শোভাযাত্রাটিকে সরিয়ে দেয়।ঘটনার পরদিন শনিবার সকালে নবদ্বীপের বিধায়ক শ্রুতিশেখর গোস্বামী মহারাজকে ফোন করে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন। অন্যদিকে, পুজো কমিটির কয়েকজন সদস্যও এদিন মিশনে এসে বহিরাগতদের ঘাড়ে দায় চাপিয়ে ক্ষমা প্রার্থনা করেন। স্বামী অমরেশ্বরানন্দ জানান, বিষয়টি ইতিমধ্যেই বেলুড় মঠ ও প্রশাসনের শীর্ষ মহলে পৌঁছে যাওয়ায় তা আর তাঁর একার হাতে নেই। তবে তিনি কারও ব্যক্তিগত ক্ষতি চান না জানিয়ে ভবিষ্যতে যাতে ডিজে-র তাণ্ডবে সাধারণ মানুষের ভোগান্তি না হয়, সে বিষয়ে প্রশাসন ও সমাজের সর্বস্তরের মানুষকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*