রোজদিন ডেস্ক : সমস্যার নাম লাইফ সার্টিফিকেট। বয়স্ক পেনশনভোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। বছরভর পেনশন পেতে বছরে এই একবার বাধ্যতামূলক ভাবে জমা দিতে হয় লাইফ সার্টিফিকেট। আর না দিলেই বন্ধ হয়ে যাবে বৃদ্ধ বয়সের শেষ সম্বলটা। তাই যে কোনও মূল্যে এই নভেম্বর মাস আসলেই লাইফ সার্টিফিকেট জমা দিতে হয় প্রত্যেক পেনশনভোগীকে। আর প্রতি বছর তাই ক্যালেন্ডারে নভেম্বর আসলেই রক্তচাপ বেড়ে যায় লক্ষ লক্ষ পেনশনভোগীর। কারণটা হল হয়রানি। একটা লাইফ সার্টিফিকেট জমা দিতে গিয়ে যে হেনস্তা ও হয়রানির শিকার হন এই বৃদ্ধ-বৃদ্ধারা তা নিঃসন্দেহে অমানবিক। অথচ এতদিন পেরিয়ে গেল, এত টেকনোলজি এল, দুনিয়া বদলে গেল, কিন্তু আজও সাবালক হল না এই ব্যবস্থা। আজও নির্দিষ্ট দফতরে গিয়ে লাইফ সার্টিফিকেট জমা করতে হয় পেনশন হোল্ডারদের। তাদের হয়রানি কমাতে কয়েক বছর আগে অনলাইনে এই ব্যবস্থা চালু করেছিল প্রশাসন। কিন্তু মজার কথা, পেনশনভোগীরা যে সময়ের প্রজন্ম তাদের বেশির ভাগেরই অললাইন সম্পর্কে কোনও ধ্যান ধারণাই নেই। বেশিরভাগই মোবাইল ব্যবহারে অক্ষম। ইন্টারনেট তো অনেক দূর। এর জন্য তাদের কারও না কারও সাহায্য নিতে হয়। কেউ কেউ ছেলেমেয়েদের দিয়ে কাজটা করাতে পারেন। কিন্তু সেরকম সৌভাগ্যবানের সংখ্যাও খুব কম। কারণ আজকের নিউক্লিয়ার ফ্যামিলির যুগে বেশিরভাগ বৃদ্ধ-বৃদ্ধারা একা থাকেন। ছেলেমেয়েরা বাইরে প্রতিষ্ঠিত, অথবা আলাদা থাকেন। ফলে বেশিরভাগ পেনশনভোগীরাই অসহায়। অগত্যা তাদের সংশ্লিষ্ট সরকারি দফতরে গিয়ে কাজটা করাতে হচ্ছে। আর যেহেতু একই সময়ে সবাইকে লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়, তাই ওই দফতরেও ভিড় বাড়ে। ফলে অপেক্ষা করতেই হয়। বৃদ্ধ, বৃদ্ধাদের অনেকেই শারীরিক ভাবে অশক্ত। ফলে গোটা প্রক্রিয়াটাই তাদের জন্য এক যন্ত্রণা হয়ে উঠেছে। এর থেকে মুক্তি পাওয়ারও কোনও ওপায় নেই।
এখন নভেম্বর মাস। প্রত্যাশিত ভাবে লাইফ সার্টিফিকেট জমা দেওয়া নিয়ে প্রবল সমস্যা চলছে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মী ও শিক্ষকরা ভুক্তভোগী। অভিযোগ, অনেকে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দিলেও তাঁদের মোবাইলে মেসেজ আসছে, আপনার আধার কার্ড ট্রেজারির কাছে না থাকায় ডিজিটাল লাইফ সার্টিফিকেট গ্রহণ করা যায়নি। বুঝুন অবস্থা! মানুষগুলো যাবে কোথায়? এবার বলা হচ্ছে, আপনার আধারের কপি ট্রেজারিতে জমা দিন। সেখানেও সমস্যা। পেনশন হোল্ডারকেই তা সশরীরে গিয়ে জমা দিতে হবে। অন্য কেউ হলে চলবে না। এখন এই সব বৃদ্ধ মানুষগুলোকে ট্রেজারিতে গিয়ে লাইন দিয়ে আধার কার্ড জমা দিতে হবে। নচেৎ পেনশন বন্ধ।স্বাভাবিক ভাবে বয়স্কদের এই হেনস্থা কেন, তা নিয়েও প্রশ্ন উঠছে। কিন্তু কোনও উত্তর নেই। এই ভাবে কেউ ডিজিটালি, কেউ বা কাছাকাছি ব্যাঙ্কে গিয়ে শংসাপত্র জমা দিলেও তা গ্রাহ্য হয়নি। তারপর তাদের আবার ফ্রি স্কুল স্ট্রিটে খাদ্য ভবনের পিডি সেলে গিয়ে সেখানে ফের ওই নথি জমা করতে হচ্ছে। সবমিলিয়ে হেনস্তার চূড়ান্ত। এখন এই হেনস্তার হাত থেকে জীবনের শেষবেলায় পৌঁছে যাওয়া মানুষগুলো কবে, কীভাবে নিস্তার পাবে কেউ জানে না।

Be the first to comment