নিরপেক্ষ তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রীর পদত্যাগের ইচ্ছেতে অনুমোদন মুখ্যমন্ত্রীর বলে খবর, শোকজ ডিজি-সহ একাধিক কর্তাকে, গড়া হল সিট

Spread the love

রোজদিন ডেস্ক : যুবভারতী-কাণ্ডের প্রাথমিক তদন্ত রিপোর্টের ভিত্তিতে একাধিক আমলার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করল রাজ্য সরকার। সেই সঙ্গে নিরপেক্ষ তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগের ইচ্ছেতেও অনুমোদন দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে জানিয়েছেন কুণাল ঘোষ। সরকারি ভাবে এখনও কোন কিছু ঘোষণা হয়নি।

এদিন প্রথমেই শোকজ করা হয় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে। একই সঙ্গে শোকজ নোটিস ইস্যু করা হয়েছে বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমার এবং যুবকল্যাণ ও ক্রীড়া দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহাকে। নবান্নের তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘটনার দিন ব্যবস্থাপনায় গাফিলতির অভিযোগে বিধাননগরের ডিসিপি অনীশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি যুবভারতী ক্রীড়াঙ্গনের সিইও দেবকুমার নন্দনকেও সরিয়ে দিল রাজ্য প্রশাসন। আরও জানা গিয়েছে, তদন্ত কমিটির সুপারিশ মেনে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছে। ওই দলে রয়েছেন পীযূষ পাণ্ডে, জাভেদ শামিম, সুপ্রতিম সরকার এবং মুরলীধর। এই চার আইপিএস প্রশাসনিক সমন্বয়, নিরাপত্তা ব্যবস্থাপনা এবং দায়িত্বে গাফিলতির বিষয়গুলি খতিয়ে দেখে রিপোর্ট দেবেন। রাজ্য সরকার তরফে জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনে আরও পদক্ষেপ করা হতে পারে।

আপাতত অরূপ বিশ্বাসের ইচ্ছেকে মর্যাদা জানিয়ে তাকে ক্রীড়া মন্ত্রীর পদ থেকে অব্যাহতি দিলেন মুখ্যমন্ত্রী।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে এই পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। সেই সময়ে এই ক্রীড়া দপ্তরের দায়িত্ব সামলাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*