রোজদিন ডেস্ক : মুর্শিদাবাদের বেলডাঙায় আগামীকাল বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে শান্তি, সম্প্রীতি রক্ষার আর্জিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকার। রাজ্যে সামপ্রদায়িক সম্প্রীতি রক্ষায় আগামীকাল তাঁরা কলকাতার টিপু সুলতান মসজিদ থেকে রামমন্দির অবধি পদযাত্রা করবেন। পালন করবেন সদভাবনা দিবস।
প্রসঙ্গত, টিএমসি বিধায়ক হুমায়ুন কবীর আগামী কাল বাবরি মসজিদের শিলান্যাস কর্মসূচির ঘোষণা করার প্রেক্ষিতে রাজ্য রাজনীতিতে তোলপাড় উঠেছে। শাসক দল তাঁকে সাসপেন্ড করলেও দমেননি তিনি। পরন্তু উচ্চ আদালত এতে হস্তক্ষেপ না করায় সন্তোষ প্রকাশ করেছেন।
আজ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে এই নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করেন। শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি রক্ষায় সবরকম ব্যবস্থা নেওয়ার আর্জি জানান। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যে কোন রকম প্রচেষ্টা হলে দলমত নির্বিশেষে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান মুখ্যমন্ত্রীকে।

আমজনতার উদ্দেশ্যে এক আবেদনে শুভংকর সরকার আরও বলেন, বাবরি মসজিদ ধ্বংসের সেই কালো দিন ফিরিয়ে আনার চেষ্টাকে সর্বতোভাবে প্রতিহত করতে হবে। শতাব্দীপ্রাচীন দল কংগ্রেস এই সম্প্রীতি রক্ষায় এককাট্টা। আগামীকাল তাঁরা রাজপথে থাকবেন।
বেলডাঙায় প্রশাসনকে শান্তি রক্ষায় কড়া নজরদারি, ব্যবস্থা নিতেও তিনি মুখ্যমন্ত্রীকে আবেদন করেন।
আজ দিল্লিতে রাজ্যসভায় সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য আগামীকাল বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে উদবেগ ব্যক্ত করেন। রাজ্যের শাসক দলকে নিশানা করে তিনি উত্তেজনা ছড়ানোর অভিযোগ করেন।

Be the first to comment