রোজদিন ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর ৩ সদস্যের কমিটি গঠন করে বারাসত সরকারি হাসপাতালের মর্গ থেকে মৃতদেহের চোখ চুরির তদন্ত শুরু হল। বুধবার বিকেলে ডাঃ অরিন্দম চক্রবর্তীর নেতৃত্বে তিন চিকিৎসক ফের ময়নাতদন্ত করেন দুর্ঘটনায় মৃত প্রীতম ঘোষের। ডাঃ চক্রবর্তী জানান, আমরা নির্দেশ মত আইন মোতাবেক ভিডিওগ্রাফি ও অডিও সমেত দ্বিতীয়বার ময়নাতদন্ত করেছি। আমরা এই ময়নাতদন্তের রিপোর্ট বন্ধ খামে জমা দেব। একটি কপি পরিবারকেও দেওয়া হবে। এর বেশি তারা কিছু বলতে চাননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তাঁর কোটায় মৃতের মাকে সরকারি চাকরি দেওয়া হবে। তার জন্য মায়ের বায়োডাটা পুলিশকে নিতে বলেন। বারাসত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান, পরিবারের পক্ষ থেকে একটি আবেদন ও বায়োডাটা বারাসত থানায় জমা দিয়েছিল পরিবারের সদস্যরা। সেটাই ফরোয়ার্ড করা হয়েছে। এদিকে মৃতের স্ত্রীও প্রশ্ন তুলেছেন, কেন তিনি চাকরি পাবেন না? এই নিয়ে পরিবারের মধ্যে বিবাদ শুরু হয়েছে। এই ঘটনার তদন্ত চলছে। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। এদিকে প্রতিশ্রুতি মতো বুধবারই মৃতের বাড়ি গিয়ে তাঁর মায়ের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন পুলিশকর্তারা। তাঁকে ভূমি সুরক্ষা দফতরে নিয়োগ করা হয়েছে।

Be the first to comment