বসিরহাট পুরসভার তৃণমূল পরিচালিত বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক বসালো পুর ও নগরোন্নয়ন দফতর, বনগাঁয় শপথ নিলেন নতুন পুরপ্রধান

Spread the love

রোজদিন ডেস্ক : উত্তর ২৪ পরগনার বসিরহাট পুরসভার তৃণমূল পরিচালিত বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক বসালো রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। শনিবার বসিরহাট মহকুমাশাসকের দফতরে আসা নির্দেশের পরিপ্রেক্ষিতে বসিরহাট পুরসভার পরিচালন বোর্ড ভেঙে দেওয়া হল। এসডিও দফতর থেকে বসিরহাটের পুরপ্রধান-সহ ২৩ জন কাউন্সিলরকে সেই নোটিশ পাঠিয়ে দেওয়া হয়। এর ফলে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান-সহ সম্পূর্ণ পুর বোর্ড শনিবার থেকেই ক্ষমতাচ্যুত হল। আজ থেকেই পুরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন বসিরহাটের মহকুমাশাসক।বসিরহাট পুরসভার ২৩টি ওয়ার্ডে দলগত অবস্থা হল, ২০টি তৃণমূল, ১টি বিজেপি, ১টি কংগ্রেস এবং ১টি আসন কাউন্সিলরের মৃত্যুর কারণে শূন্য আছে। বহুদিন ধরেই পুরসভার কাউন্সিলরদের ভেতরে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিয়েছিল। ফলে থমকে গিয়েছিল উন্নয়নের কাজ। এরপর রাজ্য সরকারের তরফে তদন্ত শুরু হয়। তদন্তের পর শুক্রবার সন্ধ্যায় মহকুমাশাসকের দফতরে পর বোর্ড ভেঙে দেওয়ার নোটিশ এসে পৌঁছায়। পুরসভার ভাইস চেয়ারম্যান সুবীর সরকারও বোর্ড ভেঙে দেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন।

অন্যদিকে শনিবারই বিরতির পর সীমান্ত শহর বনগাঁ পেল তাদের নয়া পুরপ্রধান। বনগাঁর পুরপ্রধান হিসেবে এদিনই শপথ নিলেন ৫ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দিলীপ মজুমদার। শনিবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে বনগাঁয় পৌঁছান তৃণমূল মুখপাত্র তথা প্রাক্তন বিধায়ক সমীর চক্রবর্তী। তিনি জেলা তৃণমূল কার্যালয়ে বনগাঁ পুরসভার সমস্ত কাউন্সিলর এবং জেলা তৃণমূল নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন। পরবর্তীকালে সকলকে সঙ্গে নিয়ে তিনি বনগাঁ পুরসভায় আসেন। দলীয় সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মাধ্যমেই বনগাঁর নতুন পুরপ্রধানের নাম জানিয়ে দেন। দিলীপ মজুমদার বলেন, চেয়ারম্যান হিসেবে যে সমস্ত কাজ থমকে ছিল সেই সমস্ত কাজ শেষ করাটাই আমার প্রথম লক্ষ্য হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*