বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, বিজেপির রাজ্য টিম তৈরি করতে দিল্লিতে আজ বৈঠক শমীক ভট্টাচার্যের, SIR নিয়েও হতে পারে বিশেষ আলোচনা

Spread the love

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্য কমিটি চূড়ান্ত করতে এবং আগামী বিধানসভা ভোটের রণকৌশল নিয়ে আলোচনা করতে আজ, রবিবার ভোরে দিল্লি উড়ে গেছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।
সূত্রের খবর, দুপুরে তাঁর সঙ্গে দলের কিছু শীর্ষ কেন্দ্রীয় নেতার বৈঠক হওয়ার কথা। সেখানেই ২৬–এর বিধানসভা ভোটে শমীকের ‘টিম’–এ কারা থাকবেন, তা চূড়ান্ত হবে বলে জানা গিয়েছে। একইসঙ্গে ‘SIR’ চালু হলে ভুয়ো ভোটার চিহ্নিতকরণ প্রক্রিয়ায় বঙ্গ–বিজেপি কী ভাবে জাতীয় নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে, তারও একটা গাইডলাই‍ন শমীককে তৈরি করে দেওয়ার কথা দলের শীর্ষ নেতৃত্বের।
কিছু মাস আগেই রাজ্য সভাপতির চেয়ারে বসেছেন শমীক ভট্টাচার্য। কিন্তু এখনও নিজের ‘টিম’ গুছিয়ে নিতে পারেননি তিনি। এ দিকে, বছর ঘুরলেই বিধানসভা ভোট। তাই শমীকও চাইছেন, দ্রুত নিজের টিম তৈরি করে নিচুতলার কর্মী সমর্থকদের মাঠে নামিয়ে দিতে। কিন্তু নানারকম গোষ্ঠী সমীকরণের টানাপড়েনে সেই প্রক্রিয়া থমকে ছিল বলে বিজেপি সূত্রে খবর। কিন্তু বিষয়টি আর ঝুলিয়ে না রেখে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও চাইছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই নিজের টিম ঘোষণা করে দিন শমীক। সূত্রের খবর, সে কারণেই রবিবার দিল্লিতে বাংলার বিজেপি সভাপতির সঙ্গে বৈঠক হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*