দেশের স্বার্থে BLO হতে হবে প্রাথমিক শিক্ষকদের; নির্দেশ হাইকোর্টের

Spread the love

দেশের প্রয়োজনেই বুথ লেভেল অফিসার হিসেবে রাজ্যের প্রাথমিক শিক্ষকদের কাজ করতে হবে বলে সোমবার জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।
মামলাকারীদের আইনজীবী সুবীর স্যানাল আদালতে জানান, মামলাকারীরা প্রাথমিক শিক্ষক। শিক্ষকতা ছাড়াও স্কুলে আনুষঙ্গিক নানা কাজ থাকে। বিএলও হিসেবে তাঁদের অত্যন্ত কম সময়ের মধ্যে অন্তত তিন দফায় ভোটারদের বাড়ি বাড়ি যেতে হবে এবং প্রচার চালাতে হবে। ইলেক্টোরাল রোল রিভিশনের কথা বলা হয়েছে। স্কুলের দৈনন্দিন কাজের বাইরে কী করে অতিরিক্ত দায়িত্ব নেওয়া সম্ভব? এটা শুধু ছুটির দিনের কাজও নয়। বিএলও হিসেবে কাজের সময়ে স্কুলে কাজ করতে হবে না, এমনও বলা হয়নি। কতদিন কাজ করতে হবে, তাও অস্পষ্ট।
মামলাকারীদের আইনজীবী বলেন, ‘স্কুলের সময়ের বাইরে ছুটির দিনেও কাজ করার কথা বলা হচ্ছে। ক্ষমতা আছে বলেই কি চাপিয়ে দিতে পারে কমিশন?’ তখন বিচারপতি বলেন, ‘বিএলও-দের কী করতে হবে, তা এখনও নির্দিষ্ট করেনি কমিশন। কতক্ষণ কাজ, সে বিষয়েও কিছু বলা হয়নি। তা হলে মামলাকারী প্রাথমিক শিক্ষকরা কেন ধরে নিচ্ছেন, তাঁদের পূর্ণ সময় কাজ করানো হবে? কিন্তু দেশের স্বার্থে প্রাথমিক শিক্ষকদের এই কাজ করতেই হবে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*