আসন্ন নির্বাচন নিয়ে প্রশিক্ষণ শিবির, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশের কো-অর্ডিনেশনে এসওপি

Spread the love

রোজদিন ডেস্ক : আসন্ন নির্বাচনের প্রস্তুতিতে রাজ্যের সিইও দপ্তরের উদ্যোগে বিভিন্ন জেলার নোডাল পুলিশ অফিসার ও মাস্টার ট্রেনারদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। ঘণ্টা তিনেকের এই শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের সিইও মনোজ আগরওয়াল এবং কমিশন নিযুক্ত পুলিশ অবজার্ভার ও অন্য আধিকারিকেরা। শিবিরে নির্বাচনী বিধি, আইন, সাম্প্রতিক নির্দেশিকা এবং ভোট পরিচালনার প্রশাসনিক খুঁটিনাটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সিইও জানান, প্রতিটি নির্বাচনের আগে এই ধরনের প্রশিক্ষণ বাধ্যতামূলক। তবে এবার এর পরিসর বাড়ানো হয়েছে। কী করা উচিত এবং কী করা উচিত নয়, সংশ্লিষ্ট আধিকারিকদের সে বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।
নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষায় নজরদারির কৌশল নিয়েও আলোচনা হয়েছে। প্রতিটি জেলা এবং সিইও দফতরে কন্ট্রোলরুম খোলা হবে। রাজ্য পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সমন্বয় কী ভাবে বজায় রাখা হবে, তার পরিকল্পনাও তুলে ধরা হয় শিবিরে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সমন্বয় প্রসঙ্গে সিইও বলেন, রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছে। তাদের সঙ্গে কাজ করার জন্য একটি নির্দিষ্ট সিস্টেম তৈরি করা হয়েছে। পুলিশ অবজার্ভারদের তরফে এই নিয়ে একটি এসওপি দেওয়া হয়েছে। রাজ্যের প্রতিটি বুথ এলাকা ধরে ধরে পরিদর্শনের উপর জোর দেওয়া হয়েছে। বুথ ভিজিট বলতে নির্দিষ্ট বুথের আশপাশের এলাকা পরিদর্শন বোঝানো হয়েছে। এই কাজের জন্য ইতিমধ্যেই রাজ্যে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে, যারা রাজ্য পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*