রোজদিন ডেস্ক :
বিধায়কদের সই কান্ডে পরপর দু-বার সিআইডি-র হাজিরা এড়িয়েছেন তিনি। আজও তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে শনিবারই চলে গেছেন দিল্লি। সূত্রের খবর, সেখান থেকেই সিআইডি-র কাছে আরও সময় চেয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি। তাঁর এই আর্জি মানেনি সিআইডি। আজ তিনি দিল্লি থাকাকালীন ফের তাঁর কালিঘাটের বাড়ি যান সিআইডি আধিকারিকরা। সূত্রের খবর, আগামীকাল বিকেল পাঁচটায় তাঁকে সিআইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, বিধানসভায় শোভনদেব চ্যাটার্জিকে বিরোধী নেতা করার প্রস্তাব দিয়ে অধ্যক্ষকে চিঠি পাঠায় তৃণমূল। সেখানে বেশ কয়েকজন স্বাক্ষরকারী র সই নিয়ে প্রশ্ন ওঠে। বিধানসভা ভবনের প্রধান সচিব অধ্যক্ষর নির্দেশে পুলিশে অভিযোগ করেন।
তদন্ত ভার নেয় সিআইডি। বেশ কয়েকজন বিধায়ককে জিজ্ঞাসাবাদও করেন তাঁরা।
তৃণমূলের পক্ষে অভিষেক ব্যানার্জিই অধ্যক্ষর উদ্দেশ্যে ৭০ জন বিধায়কের স্বাক্ষর করা চিঠি দিয়েছিলেন।
তাঁকেও জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি তলব করে, কিন্তু তিনি দুবারই তা এড়িয়ে গেছেন। আগামীকাল তিনি ভবানী ভবনে সিআইডি দফতরে যাবেন কিনা সেদিকে তাকিয়ে আছে রাজনৈতিক মহল।

Be the first to comment