রোজদিন ডেস্ক :
দিঘা জগন্নাথ ধামের “ধাম” শব্দ তুলে নিলো রাজ্য সরকার। আজ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কথা জানান।
আজ ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির এই সংক্রান্ত অনুরোধপত্র নিয়ে বিজেপি সাংসদ সম্বিত পাত্র মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন।
তাঁর লেখা চিঠি পড়ে শোনান। সেখানে ওড়িশার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দিঘা য় জগন্নাথ মন্দির হয়েছে, সেখানে পুজো পাঠ ইত্যাদি তে তাঁদের কোন আপত্তি নেই। কিন্তু এর থেকে “ধাম” শব্দটি বাদ দিতে তিনি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেন। এটি সনাতন ধর্মের বিরোধী।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ওড়িশার মুখ্যমন্ত্রীর অনুরোধ তাঁরা মেনে নিচ্ছেন।
এখন থেকে দিঘার এই মন্দির শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে পরিগণিত হবে।
এখানে পুজো-সহ অন্যান্য ক্রিয়াকর্ম যেমন চলছে তেমনই চলবে।
উল্লেখ্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে সরকারের কয়েকশো কোটি টাকা ব্যয়ে এই জগন্নাথ মন্দির তৈরি হয়। দৃশ্যনন্দন এই মন্দির এখন দিঘার অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ। দেশ বিদেশের বহু মানুষ এখানে আসেন।
তবে এই মন্দিরের সঙ্গে হাজার বছর আগের পুরীর জগন্নাথ মন্দিরের ঐতিহ্য, মহিমা ইত্যাদি তুলনীয় নয় বলে অভিজ্ঞ মহল মনে করেন৷
এর নামের সঙ্গে “ধাম” শব্দ জোড়া নিয়ে ওড়িশা সরকারের প্রথম থেকেই আপত্তি ছিল। কারণ ধাম শব্দের ব্যাপ্তি, গভীরতা, অন্তর্নিহিত ব্যঞ্জনা অনেক বেশি৷ সদ্য নির্মিত এই মন্দিরের ক্ষেত্রে তা ব্যবহার করা উচিত নয় বলে তাঁরা মনে করেন।
পালাবদলের পর ওড়িশার মুখ্যমন্ত্রীর এই অনুরোধ রাজ্যের মুখ্যমন্ত্রী মেনে নেওয়ায় সম্বিত পাত্র তাঁকে অকুন্ঠ ধন্যবাদ জানান।

Be the first to comment