রোজদিন ডেস্ক : শমীক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যেই নয়া রাজ্য কমিটি গঠিত হল। আজ রাজ্য দলের সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সম্পাদক প্রমুখ-সহ ত্রিশ জনের তালিকা ঘোষণা করা হয়। সেখানে পুরানো মুখের ওপর দল ভরসা রাখলেও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নাম পদাধিকারীদের তালিকায় নেই। নয়া কমিটিতে পদোন্নতি হয়েছে জগন্নাথ চ্যাটার্জি, অগ্নিমিত্রা পাল ও দীপক বর্মনের। আগের কমিটি তে তাঁরা সাধারণ সম্পাদক পদে ছিলেন,এবার হলেন সহ সভাপতি। দিলীপ ঘোষের নাম না থাকলেও তাঁর সময়ে দলের অন্যতম পরিচিত মুখ রাজু ব্যানার্জি এবার সহ সভাপতির দায়িত্ব পেয়েছেন। এই ছাড়া প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, লকেট চ্যাটার্জি, সঞ্জয় সিংহ প্রমুখ এই কমিটিতে গুরুত্বপূর্ণ পদে আছেন।
ইন্দ্রনীল খান দলের যুব মোর্চার দায়িত্বে থাকছেন।
একই ভাবে ফাল্গুনী পাত্র মহিলা মোর্চা, রাজীব ভৌমিক কিষাণ মোর্চা, শুভেন্দু সরকার ওবিসি মোর্চা, সুজিত বিশ্বাস এস সি মোর্চার সভাপতি থাকছেন।।
সাংসদ খগেন মুর্মু এসটি মোর্চা ও আলি হোসেন সংখ্যালঘু মোর্চার সভাপতির দায়িত্ব পেলেন।
রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা ইতিমধ্যেই বেজে গেছে। হাতে আর মাত্র তিন- চার মাস, এরপরই বাংলার মসনদে কারা আসছেন পরিস্কার হয়ে যাবে।
এই নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে গেরুয়া শিবিরও।

Be the first to comment