রোজদিন ডেস্ক : রাজ্যসভার বর্ষসেরা মহিলা সাংসদের সম্মান পেলেন তৃণমূল সাংসদ দোলা সেন। বুধবার তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে তিনি বলেন, তিনি এই সম্মান পেয়ে অত্যন্ত খুশি। রাজ্যের মানুষকে তিনি এর জন্য ধন্যবাদও জানান। সংসদে মূলত শ্রমিকদের অধিকার, সামাজিক ন্যায় ও মহিলাদের উন্নয়নের মত বিষয়গুলি দক্ষতার সঙ্গে তুলে ধরার জন্য তাঁকে সম্মানিত করেন বিচারকরা। এদিন নয়াদিল্লির নতুন মহারাষ্ট্র সদনে অনুষ্ঠিত লোকমত সংসদীয় পুরস্কার ২০২৫-এ বিভিন্ন দলের সংসদ সদস্যদের সঙ্গেই সম্মানিত করা হয় দোলা সেনকে। অনুষ্ঠানে দোলা সেনের হাতে পুরস্কার তুলে দেন দেশের প্রাক্তন প্রধান বিচারপতি বি আর গাভাই।
মোট আটটি বিভাগে এই পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে রয়েছে, জীবনকৃতি সম্মান (লোকসভা), সেরা সাংসদ (লোকসভা), সেরা মহিলা সাংসদ (লোকসভা), সেরা নবাগত সাংসদ (লোকসভা), এবং জীবনকৃতি সম্মান (রাজ্যসভা), সেরা সাংসদ (রাজ্যসভা), সেরা মহিলা সাংসদ (রাজ্যসভা) এবং সেরা নবাগত সাংসদ (রাজ্যসভা)। তাঁদের বিচারের দায়িত্বে ছিল এনসিপি নেতা প্রফুল প্যাটেলের নেতৃত্বে একটি প্যানেল। তাতে ছিলেন, তৃণমূল সাংসদ সৌগত রায়, সপা সাংসদ জয়া বচ্চন, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভি, ডিএমকে সাংসদ কানিমোঝি, বিজেডি সাংসদ সস্মিত পাত্র, সাংবাদিক বরখা দত্ত এবং হরিশ গুপ্তা।

Be the first to comment