রোজদিন ডেস্ক : রাজ্যে ভোটার তালিকায় বর্তমানে ১৩ হাজারের বেশি শতায়ু ভোটারের নাম রয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের (Election Commission) প্রাথমিক সমীক্ষায় অনুমান করা হচ্ছে শতায়ু ভোটারদের অন্তত অর্ধেকই আর জীবিত নেই। অথচ এদের নাম এখনও ভোটার তালিকায় রয়ে গিয়েছে। ফলে ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে।
এই পরিস্থিতিতে সরেজমিনে খতিয়ে দেখে শতায়ু ভোটারদের সাম্প্রতিক তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে কমিশন। ইআরও বা ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসাররা প্রতিটি শতায়ু ভোটার সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে রিপোর্ট দেবেন। তার ভিত্তিতেই শতায়ু ভোটারদের নতুন তালিকা তৈরি করবে কমিশন।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানান, শুধু বাংলার জন্য নয়, গোটা দেশজুড়েই ভোটার তালিকা বিশেষভাবে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তার অংশ হিসেবেই পশ্চিমবঙ্গে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শতায়ু ভোটারদের দিকে প্রতিবার সাধারণ নির্বাচনে বিশেষ দৃষ্টি দেয় কমিশন। ভোটকেন্দ্রে তাঁদের বিশেষভাবে স্বাগত জানানো, সম্মান জানানো বা সম্বর্ধনা দেওয়ার ছবিও গত নির্বাচনগুলোয় দেখা গিয়েছে। তবে কমিশনের মতে, শতায়ু ভোটারের প্রকৃত সংখ্যা নির্ধারণ ও তাঁদের প্রকৃত তালিকা তৈরি করলে একদিকে যেমন তথ্যে স্বচ্ছতা আসবে, অন্যদিকে ভোটার তালিকা নিয়ে বিভ্রান্তি কমবে।

Be the first to comment