রোজদিন ডেস্ক : নবান্ন সভাঘরের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছিলেন যে বাংলার বাড়ি, পথশ্রী, রাস্তাশ্রীর মতো বড় প্রকল্পগুলির অগ্রগতি আর ঢিলেমি সহ্য করা হবে না। সেই নির্দেশের ভিত্তিতেই নবান্ন ২৩ জন আইএএস আধিকারিকের একটি বিশেষ টিম গঠন করেছে, যারা রাজ্যের বিভিন্ন জেলার সরকারি প্রকল্পগুলির বাস্তব অবস্থা খতিয়ে দেখবে। এই দলে বহু সিনিয়র আমলা রয়েছেন, যেমন গ্রামোন্নয়ন দফতরের সচিব, বিদ্যুৎ দফতরের সচিব, তথ্য ও সংস্কৃতি সচিব, খাদ্য সচিব-সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতরের মাথারা থাকছেন এই দলে। তাঁদের দায়িত্ব হবে সরেজমিনে কাজের অগ্রগতি খতিয়ে দেখা, কোথায় কাজ আটকে আছে তা শনাক্ত করা এবং দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া। রাজ্য সরকারের লক্ষ্য, বাংলার বাড়ি প্রকল্পের নির্মাণ কাজে গতি বাড়ানো, পথশ্রী– রাস্তাশ্রী প্রকল্পে রাস্তা মেরামত ও উন্নয়নকে সময়ের মধ্যে করা এবং আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে স্থানীয় সমস্যাগুলির দ্রুত নিষ্পত্তি করা। কোন প্রকল্প কোন জেলায় কতটা এগোচ্ছে, কোথায় সমস্যা তৈরি হচ্ছে, কোন ক্ষেত্রে অতিরিক্ত তদারকি প্রয়োজন, এই সব তথ্য সঠিকভাবে বোঝার জন্যই শীর্ষ আমলাদের মাঠে নামানো হচ্ছে। মুখ্যসচিব মনোজ পন্থের স্বাক্ষর করা নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্য সরকারের অগ্রাধিকারের তালিকায় থাকা সামাজিক পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্পগুলিতে গতি আনতে হলে নিয়মিত পর্যবেক্ষণ এবং সরাসরি দায়বদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই ২৩ জন আইএএস আধিকারিক রাজ্যের বিভিন্ন জেলা ও কলকাতা পুরসভার নির্দিষ্ট অঞ্চল ঘুরে রিপোর্ট দেবেন। প্রশাসনের ধারণা, এই নজরদারিতে প্রশাসনের ওপর চাপ বাড়াবে ঠিকই, কিন্তু প্রকল্প বাস্তবায়নে গতি এবং স্বচ্ছতা দুটোই বাড়াবে।

Be the first to comment