রোজদিন ডেস্ক : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা তারকা ক্রিকেটার ইমরান খান সুস্থ আছেন। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তাঁকে পিটিয়ে মারা হয়েছে বলে গুজব রটে। দেশ বিদেশে উদবেগ ছড়ায়। গতকাল তাঁর সমর্থকরা প্রশাসনের রক্তচক্ষু অগ্রাহ্য করে কারাগারের সামনে বিক্ষোভ দেখান। প্রবল জনমতের চাপে ইমরান খানের বোন উজমা খানকে তাঁর সঙ্গে দেখা করার অনুমতি দেয় কারা কর্তৃপক্ষ। ভাই এর সঙ্গে দেখা করে এসে উজমা জানান, ইমরান খান শারীরিকভাবে সুস্থ আছেন। তবে তাঁকে মানসিকভাবে নির্যাতনের অভিযোগ করেছেন। এই সব নিয়ে ক্ষুব্ধ তিনি।
উজমা আরও জানিয়েছেন, কারাবন্দি ইমরান খানকে সারাদিন ঘরবন্দি করে রাখা হয়। খুব অল্প সময়ের জন্য ঘরের বাইরে আসতে দেওয়া হয় তাঁকে। তিনি মাত্র আধ ঘণ্টা জন্য দেখা করার সুযোগ পেয়েছেন। কড়া নজরদারির মধ্যে তাঁদের দেখা হয়। ব্যবহার করতে দেওয়া হয়নি মোবাইলও। প্রায় তিন সপ্তাহের বেশি ইমরান খানের সঙ্গে পরিবারের কাউকে দেখা করতে না দেওয়ায় বিভিন্ন মহলে জল্পনা তুঙ্গে ওঠে। তিনি জীবিত না মৃত, এই নিয়ে গুঞ্জন চলে।
ইমরান ও তাঁর স্ত্রী বুশরা বিবির ওপর মানসিক নির্যাতন হয় বলে উজমা খানের অভিযোগ।
আদালতের নির্দেশে সপ্তাহে দুদিন ইমরান খানের পরিবার তাঁর সঙ্গে দেখা করতে পারতেন। তা বন্ধ করায় তাঁকে নিয়ে পরিবার ও সমর্থকদের উদবেগ চরমে উঠেছিল।

Be the first to comment