রোজদিন ডেস্ক : বেসরকারি নামী বিমান সংস্থা ইন্ডিগোর দেশ ব্যাপী উড়ান বিপর্যয়ের শরিক হলো কলকাতা বিমানবন্দরও। গত কয়েকদিন ধরেই সারা দেশে শয়ে শয়ে এই সংস্থার উড়ান বাতিল, দেরিতে ছাড়া, দেরিতে আসা ইত্যাদি নিয়ে জেরবার যাত্রীরা। এই নিয়ে ব্যাপক ক্ষোভ বাড়ছে। বহু বিমানবন্দরে ক্ষুব্ধ, রুষ্ট যাত্রীরা বিক্ষোভ দেখিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন। সংস্থা কর্তৃপক্ষর সঙ্গে ডিজিসিএ-র বৈঠকও হয়েছে, এখন অবধি এই বিশাল সমস্যার আশু সমাধান হয়নি।কাল একলপ্তে রেকর্ড ৫৫০টি উড়ান বাতিল হয়। দিনে প্রায় ২৩০০টি উড়ান চালায় এই সংস্থা। নির্দিষ্ট সময়ে আসা যাওয়া নিয়ে ও যথেষ্ট সুনামধারী ইন্ডিগোর এই পরিস্থিতিতে উদবিগ্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ-সহ সব মহলই। এর প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার এলবার্স কর্মীদের সময়ানুবর্তিতার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। সূত্রের খবর, বিমানচালক, কর্মীদের কাজের সময় নিয়ে কর্তৃপক্ষ বেশ কিছু নয়া নির্দেশিকা জারি করেছেন।এর মধ্যে পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম, রাত জেগে বিমান না চালানো, সময় মত উড়ান চালাতে রোষ্টার ঠিকঠাক রাখা ইত্যাদি কঠোর ভাবে মেনে চলতে বলা হয়েছে। শুধু কলকাতা বিমানবন্দরেই ৩২০টি উড়ান বাতিল ও দেরিতে চলছে বলে জানা গেছে। এর মধ্যে প্রায় ১০০টি উড়ান বাতিল হয়েছে।
বিভিন্ন বিমানবন্দরে যাত্রীদের জিনিসপত্র পেতেও দীর্ঘক্ষণ সময় লাগছে। প্রতীক্ষারত যাত্রীদের খাবার, জলের ব্যবস্থাও করা হচ্ছে না বলে অভিযোগ।
এই বিপর্যয় এড়াতে কর্তৃপক্ষ আগামী সোমবার থেকে উড়ান সংখ্যা কমিয়ে দেবে বলে জানা যায়।
এই পরিস্থিতিতে উদ্বিগ্ন যাত্রী মহল। ইন্ডিগোর এই সমস্যায় অন্য বিমান সংস্থাগুলির সুযোগ বুঝে ভাড়া বৃদ্ধির সম্ভাবনাও দেখা দিয়েছে।
এই পর্যন্ত পাওয়া খবরে ইন্ডিগো দিল্লি-সহ দেশব্যাপী এক হাজার উড়ান বাতিল করেছে।
বিভিন্ন বিমানবন্দরে অপেক্ষারত যাত্রীদের সমস্যা সমাধানে কর্তৃপক্ষ ব্যর্থ বলে অভিযোগ উঠেছে।

Be the first to comment