আদালতে চুড়ান্ত বিশৃঙ্খলা, উপছে পড়া ভিড়, আই প্যাক মামলা মুলতুবি

Spread the love

রোজদিন ডেস্ক : আদালতে চুড়ান্ত বিশৃঙ্খলা, এজলাসে উপছে পড়া ভিড়ে আজ আই প্যাক নিয়ে পরস্পরবিরোধী জোড়া মামলার শুনানি হল না। পরিস্থিতি দেখে বিরক্ত বিচারপতি শুভ্রা ঘোষ আজ এই জোড়া মামলার শুনানি মুলতুবি রাখেন। আগামী ১৪ জানুয়ারি এই মামলার শুনানি হবে। বিচারপতি লিখিতভাবে তা জানিয়ে দিয়েছেন বলে আদালত সূত্রে জানা যায়।

গতকাল আই প্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি-র তল্লাশি নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে। খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রথমে প্রতীক জৈনের বাড়ি ও সেখান থেকে সল্টলেকে তাঁর অফিসে চলে যান। সঙ্গে ছিলেন পুলিশের পদস্থ আধিকারিকরা সহ পুলিশ বাহিনী ও। দুই জায়গা থেকেই তিনি বেশ কিছু নথিপত্র, ল্যাপটপ, হার্ড ডিস্ক ইত্যাদি নিয়ে যান। সুর চড়িয়ে অভিযোগ করেন, আই প্যাক তাঁদের দলীয় কার্যালয়, প্রতীক জৈন তাঁদের আইটি প্রধান। আসন্ন নির্বাচনে তাঁদের দলের প্রার্থী তালিকা, কৌশল ইত্যাদি দখল করতে এসেছিল ইডি, তিনি তা উদ্ধার করে নিয়ে যাচ্ছেন। আই প্যাকের কর্ণধারের বাড়ি ও অফিসে ইডি তল্লাশির বিরুদ্ধে কলকাতা উচ্চ আদালতে মামলাও করেন তাঁরা।
অন্যদিকে তাঁদের তল্লাশি চলাকালীন জোর করে নথিপত্র নিয়ে যাওয়ার অভিযোগে আদালতে যায় ইডিও।
আজ এই দুই মামলাই বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে শুনানির কথা ছিল। কিন্তু প্রচন্ড হই হট্টগোলে তা মুলতুবি হয়ে যায়। বিচারপতি বারবার বিশৃঙ্খলা, হট্টগোল থামাতে চেষ্টা করেও ব্যর্থ হন।

আদালত সূত্রের খবর, পরিস্থিতি দেখে দৃশ্যত বিরক্ত বিচারপতি শুভ্রা ঘোষ এজলাস ছেড়ে চলে যান।
সূত্রের খবর, ইডি গতকালের ঘটনার সিবিআই তদন্তের দাবি ও করেছে। তাঁরা কয়লা দুর্নীতির তদন্তে ওখানে গেছিলেন। নির্বাচন সংক্রান্ত কোন কিছু তাঁরা দেখেন নি।
ইডি এই মামলা প্রধান বিচারপতির এজলাসে শুনানির আবেদন করছে বলে প্রকাশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*