রোজদিন ডেস্ক: জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে বন্দেমাতরম গাওয়া বাধ্যতামূলক করা যায় কিনা, তা নিয়ে দায়ের হওয়া এক জনস্বার্থ মামলায় কেন্দ্রের হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। আগামী ১৬ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। রাজ্যের মাদ্রাসাগুলিতে সকালের প্রার্থনায় বন্দেমাতরম বাধ্যতামূলক করে মাদ্রাসা দফতরের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে এই মামলা দায়ের করেন সমাজকর্মী সৌরভ দত্ত। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই মামলায় কোনও অন্তর্বর্তী নির্দেশ দেয়নি। তবে, মামলাকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের যুক্তি, জোর করে বন্দে মাতরম গাওয়ানো হলে তাতে দেশের ধর্মনিরপেক্ষতা নষ্ট হবে। কেন্দ্রের আইনজীবী ধীরাজ ত্রিবেদী বলেন, এটি পাবলিসিটি ওরিয়েন্টেড মামলা। ওই গানকে জনপ্রিয় করতেই এমন নির্দেশ, কাউকে বাধ্য করা হয়নি।

Be the first to comment