‘কাশ্মীর নতুন গতি পেল, আমাদের প্রতিশ্রুতিতে অটল ছিলাম’ কাশ্মীরে রেল অনুষ্ঠানে গিয়ে বললেন মোদি

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- রেলপথে জুড়ল কাশ্মীর থেকে কন্যাকুমারী, যা ভারতীয়দের দীর্ঘদিনের স্বপ্ন। শুক্রবার বিশ্বের সর্বোচ্চ চেনাব সেতুর উদ্বোধনের পর কাটরা স্টেশন থেকে দু’টি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্বের বাকি অংশের সঙ্গে এবার রেলপথে জুড়ল কাশ্মীর। মাত্র তিন ঘণ্টায় কাটরা থেকে শ্রীনগর পৌঁছে যেতে পারবেন পর্যটকরা। বন্দে ভারত উদ্বোধনের পর কাটরার একটি জনসভায় উপস্থিত হন প্রধানমন্ত্রী। সেখানেই এমনটা বলেন তিনি।
মোদি বলেন, ‘ভারতের একতা এবং ভারতের ইচ্ছাশক্তির বড় উৎসব। বৈষ্ণোবেদীর আশীর্বাদে আজ কাশ্মীর ভারতের রেল নেটওয়ার্কের সঙ্গে জুড়ে গেল। কাশ্মীর থেকে কন্যাকুমারী জুড়ে গেল রেলপথের মাধ্যমে। কাশ্মীর নতুন গতি পেল।’
তাঁর কথায়, ‘জনগণের স্বপ্ন এখন পূরণ হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ থেকে গিয়েছিল। আমি সেগুলি সম্পন্ন করার দায়িত্ব নিজের উপর নিয়েছিলাম।’ তাদের সরকার এই দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্ন পূরণ করেছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হওয়া সত্ত্বেও আমরা আমাদের প্রতিশ্রুতিতে অটল ছিলাম’। এদিন কাশ্মীরে ৪৬ হাজার কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করলেন মোদি। সভায় মোদির সঙ্গে রয়েছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় রেলমন্ত্রীও।
এদিন চেনাব ব্রিজের উদ্বোধনের পর সেই উন্নয়নের বার্তাই দিয়ে প্রধানমন্ত্রীর দাবি, “মানুষ আইফেল টাওয়ার দেখতে যায়। কিন্তু এটা আইফেল টাওয়ারের থেকেও উঁচু। এই সেতু পর্যটনের রাস্তাও খুলে দেবে। চেনাব এবং অঞ্জি ব্রিজ জম্মু ও কাশ্মীরের অর্থনীতিকে নতুন গতি দেবে। পর্যটন তো বাড়বেই, একই সঙ্গে অর্থনীতির অন্যান্য দিকও খুলে যাবে। কাশ্মীরের আপেল এবার অনায়াসে গোটা দেশে পৌছবে। কাশ্মীরের শাল সহজে দেশের অন্যান্য প্রান্তে পৌছবে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*