রোজদিন ডেস্ক : ভোট মিটতেই বাড়বে পেট্রোপণ্য বা জ্বালানির দাম। এমন আশঙ্কার কথা বারবার বলেছিল বিজেপি বিরোধীরা। সেই আশঙ্কা সত্যি প্রমাণ করে টানা বেড়ে চলেছে পেট্রোল, ডিজেল ও এলপিজির দাম। মধ্যবিত্তের পকেটে ধাক্কা দিয়ে শনিবার রাতে ফের একধাক্কায় অনেকটা বাড়ল গৃহস্থালির রান্নার গ্যাসের দাম। তিন মাসের মধ্যেই এই নিয়ে দ্বিতীয়বার দামবৃদ্ধি। শনিবার মধ্যরাতে ১৪.২ কেজি গৃহস্থালি বা ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৯ টাকা করে। এই মূল্যবৃদ্ধির ফলে কলকাতায় ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল ৯৬৮ টাকা। রবিবার থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে। তবে অপরিবর্তিত থাকছে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। গত ৭ মার্চ এক দফা বেড়েছিল গৃহস্থালির সিলিন্ডারের দাম। তখন বেড়েছিল সিলিন্ডার প্রতি ৬০ টাকা। এবার বাড়ল ২৯ টাকা। মধ্যপ্রাচ্যের যা পরিস্থিতি, তাতে দামবৃদ্ধির পালা এখানেই শেষ, এমন ভাবার কারণ নেই, আশঙ্কা বিশেষজ্ঞদের। ফলে সবমিলিয়ে মধ্যবিত্তের পকেটে যে আরও ধাক্কা লাগতে চলেছে তা বলাই যায়।

Be the first to comment