রোজদিন ডেস্ক : এলপিজি বিপর্যয়ে নাকাল রাজ্যবাসীর পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের তরফে যেটুকু করা সম্ভব সেই সব অস্ত্র প্রয়োগ করে মানুষকে সাম্প্রতিক জ্বালানি সংকট থেকে উদ্ধার করার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। বুধবারই সংস্যার সমাধান সূত্র খুঁজতে এলপিজি ডিস্ট্রিবিউটার ও কেন্দ্রীয় পেট্রোলিয়াম সরবরাহকারী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তারপর আজ বৃহস্পতিবারও নবান্নে উদ্ভূত পরিস্থিতি খতিয়ে দেখতে ফের বৈঠক করলেন প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে।

বৈঠকে রাজ্যের সমস্ত জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেন তিনি। পরিস্থিতি মোকাবিলায় একগুচ্ছ নির্দেশও দেন তিনি। সূত্রের খবর, এলপিজি সরবরাহে অনিয়ম ও কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জেলাভিত্তিক ভাবে গ্যাসের মজুত ও সরবরাহ পরিস্থিতি নিয়মিত খতিয়ে দেখার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও যাতে অস্বাভাবিক ঘাটতি তৈরি না হয়, সে দিকেও নজর রাখতে বলা হয়েছে। বৈঠকে আরও জানানো হয়েছে, স্থানীয় পর্যায়ে এলপিজির স্টক নিয়মিত পরীক্ষা করার ব্যবস্থা করতে হবে। কোথাও বেআইনি মজুত বা কালোবাজারির অভিযোগ উঠলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি, রাজ্যে উৎপাদিত গ্যাস অন্যত্র পাচার হয়ে যাচ্ছে কি না, সে বিষয়েও কড়া নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের একাংশের মতে, এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন ও পুলিশকে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Be the first to comment