আমার মনোনয়ন বাতিলের চেষ্টা করেছিল বিজেপি, এবার নতুন অভিযোগ তুলে কমিশনকে তোপ মমতার

Spread the love

রোজদিন ডেস্ক : কারচুপি করে, ক্ষমতার অপব্যবহার করে, ভবানীপুর কেন্দ্রে আমার মনোনয়ন বাতিল করারও চেষ্টা করেছিল বিজেপি। শনিবার নির্বাচনী জনসভা থেকে নতুন অভিযোগ তুললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ওই মঞ্চ থেকেই সাধারণ মানুষকে নির্বাচন কমিশন ও বিজেপির যৌথ ষড়যন্ত্র নিয়ে সতর্ক করলেন তৃণমূল নেত্রী। সেই সঙ্গে নির্বাচনের সময় সংসদে একের পর এক বিল পাশ করার পর্দাফাঁস করলেন তিনি। তাঁর হুঁশিয়ারি, দিল্লিতে ক্ষমতায় এলে বিজেপির আনা সব আইন বাতিল করে দেবে বিরোধীরা।নির্বাচনের আগে এসআইআর করে যেভাবে বাংলার মানুষের নাম বাদ দিয়ে হয়রানি করেছে নির্বাচন কমিশন। ষড়যন্ত্র করে তাঁর মনোনয়ন বাতিল করার চেষ্টা পর্যন্ত করেছে কমিশন। এদিন বেলায় কেশিয়াড়ির নির্বাচনী সভা থেকে নিজের অভিজ্ঞতা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করে বলেন, আমার কেন্দ্রে আমার মনোনয়ন বাতিল করার জন্য ওই গদ্দাররা আমার নামে দুটো মিথ্যে এফিডেভিড জমা দিয়েছিল। কিন্তু পারেনি শেষ পর্যন্ত। কিন্তু মনে রাখবেন অনেক অসম্মান করেছে। যাতে আমি না দাঁড়াতে পারি। যদি আমার উপর এই অত্যাচার হয় তাহলে আপনাদের উপর কত অত্যাচার করতে পারে ওরা, ভাবুন। তিনি বলেন, এসআইআর একটা বড় স্ক্যাম। বিজেপিকে ক্ষমতায় আনার জন্য একটা ছক। সবার নাম কেটে দাও। মানুষকে লাইনে দাঁড় করিয়ে হেনস্তা কর, অসম্মান কর। ৯০ লক্ষ ভোট কেটেছে তার মধ্যে ৬০ লক্ষ হিন্দু। আর ৩০ লক্ষ মুসলমান।

বিহারের উদাহরণ তুলে মমতা বলেন, বিহারে যাদের ভোট কেটেছে তাদের নাকি বলা হচ্ছে তাদের রেশন বন্ধ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ। আমি বলি আমি থাকতে আমি এসব করতে দেব না। কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকার যে এভাবেই মানুষের উপর অত্যাচারের ছক দিল্লিতে বসে করছে তার প্রমাণ – যখন দেশের একাধিক রাজ্য নির্বাচনে ব্যস্ত, তখনই সংসদে পাশ হচ্ছে একের পর এক বিল। বাংলা ভাগের চক্রান্ত নিয়ে সংসদে আসছে ডিলিমিটেশন বিল। তা নিয়ে কেশিয়াড়ি থেকে মমতার তোপ, নির্বাচন চলাকালীন সংসদে ডিলিমিটেশন বিল আনছে। কতবড় অন্যায় দেখুন। অপেক্ষা করতে পারল না। কারণ টুকরো টুকরো করতে চায় বাংলাকে। এই সব করার নাম করে এনআরসি করবে।
শুধুমাত্র ডিলিমিটেশন বিলেই থেমে নেই কেন্দ্রের বিজেপি সরকার। সংসদে পাশ হচ্ছে ইউনিফর্ম সিভিল কোডও। তা নিয়ে মমতা দাবি করেন, বিজেপির ইস্তাহারে বলেছে ইউসিসি করবে। ইউনিফর্ম সিভিল কোড মানে আপনার ইচ্ছামতো ধর্ম চর্চা করা, সংস্কৃতি মানার কোনও অধিকার থাকবে না। একটাই পথ হবে। বিজেপি মন্ত্র শিখিয়ে দেবে, বিজেপি যা বলে দেবে সেটাই করতে হবে। সব দেশের সব কিছু কেড়ে নেবে। আপনার সংস্কৃতি, শিক্ষা, ধর্ম, ঐতিহ্য। ইউনিফর্ম সিভিল কোড মানে একটাই বিজেপি, একটাই নীতি। একটাই বিজেপি সর্বধর্মের সর্বনাশ। আমরা এর প্রতিবাদ করবোই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*