সোমবার রাজ্যে আসছেন জ্ঞানেশ ভারতী-সহ আরও দুই আধিকারিক

Spread the love

রোজদিন ডেস্ক : আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী সঙ্গে থাকছেন কমিশনের আরও দুই শীর্ষ আধিকারিক অভিনব আগরওয়াল ও এসবি জসী। সূত্রের খবর, এসআইআর চলাকালীন রাজ্যের একাধিক জেলার বিরুদ্ধে চূড়ান্ত গাফিলতির অভিযোগ উঠেছিল কমিশনের নজরে। বিশেষ করে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং হুগলি— এই তিন জেলাকে বারবার সতর্ক করা হয়েছিল। অভিযোগ, কমিশনের তরফে বারবার বলার পরও সেই নির্দেশ যথাযথভাবে পালন করা হয়নি। আর সেই কারণেই ভোটের আগে এই তিন জেলাকেই বিশেষ নজরে রাখছে কমিশন। এদিকে হাতে আর মাত্র কয়েকদিন। তার পরেই শুরু হতে চলেছে প্রথম দফার ভোটগ্রহণ। আর সেই প্রথম দফাতেই রয়েছে এই তিন জেলা। ফলে কোনও ঝুঁকি নিতে নারাজ কমিশন। আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে প্রশাসনিক প্রস্তুতি, সব কিছু খুঁটিয়ে দেখতে মাঠে নামছেন কমিশনের শীর্ষ আধিকারিকরা। নির্ধারিত সূচি অনুযায়ী, সোমবার দিল্লি থেকে প্রথমে অন্ডাল বিমানবন্দরে পৌঁছবেন তাঁরা। সেখান থেকে সড়কপথে পশ্চিম বর্ধমান জেলায় গিয়ে দিনভর প্রশাসনিক পর্যালোচনা করবেন। মঙ্গলবার পূর্ব বর্ধমান ও হুগলি জেলার পরিস্থিতি খতিয়ে দেখবেন। বুধবার সকালে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এক জরুরি বৈঠক করবেন তাঁরা। সেখানে জেলার রিপোর্ট, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা। বৈঠক শেষ করে বুধবার রাতেই দিল্লির উদ্দেশে রওনা দেবেন কমিশনের এই তিন শীর্ষ আধিকারিক। ভোটের মুখে কমিশনের এই উচ্চ পর্যায়ের সফরকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*