নদিয়া জেলা পরিষদে ক্ষমতার পালাবদল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাধিপতি নির্বাচিত বিজেপির প্রণতি বিশ্বাস

Spread the love

রমিত সরকার, কৃষ্ণনগর:

নদিয়া জেলা পরিষদে ঘটল বড় রাজনৈতিক পালাবদল। দীর্ঘদিন পর জেলা পরিষদের ক্ষমতা বিজেপির হাতে এল। বুধবার অনুষ্ঠিত সভাধিপতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাধিপতি নির্বাচিত হলেন বিজেপি প্রার্থী প্রণতি বিশ্বাস। তাঁর জয়ের মধ্য দিয়ে নদিয়া জেলা পরিষদে নতুন রাজনৈতিক সমীকরণের সূচনা হলো।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই তৎকালীন সভাধিপতি তথা তৃণমূল কংগ্রেস নেত্রী তারান্নুম সুলতানা মীরের বিরুদ্ধে তাঁরই দলের একাংশ অনাস্থা প্রস্তাব আনে। জেলা পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনে সেই অনাস্থা গৃহীত হলে তিনি সভাধিপতির পদ হারান। এরপর নিয়ম অনুযায়ী নতুন সভাধিপতি নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হয়।

বুধবার নির্ধারিত সময়ে বিজেপির তরফে প্রণতি বিশ্বাস সভাধিপতি পদে মনোনয়ন জমা দেন। নির্দিষ্ট সময়ের মধ্যে অন্য কোনও প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন নির্বাচনী আধিকারিক। ফল ঘোষণার পর বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। জেলা পরিষদ চত্বরে একে অপরকে আবির মাখিয়ে ও মিষ্টিমুখ করিয়ে বিজয় উদযাপন করেন তাঁরা।

রাজনৈতিক মহলের মতে, নদিয়া জেলা পরিষদে এই ক্ষমতার পরিবর্তন জেলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। নতুন সভাধিপতি প্রণতি বিশ্বাস জানান, রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে জেলা পরিষদের উন্নয়নমূলক কাজকে অগ্রাধিকার দেওয়াই তাঁর লক্ষ্য। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই পরিবর্তনকে সাময়িক বলে দাবি করা হয়েছে। জেলার রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*