খরচ ১৪৮ কোটি, ভার্চুয়ালি এনআরএস হাসপাতালে নয়া ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো জোরদার করতে নতুন উদ্যোগ রাজ্য সরকারের। বৃহস্পতিবার নবান্ন থেকে ভার্চুয়াল মাধ্যমে এনআরএস হাসপাতালে ১৪৮ কোটি টাকা ব্যয়ে ১০ তলা বিশিষ্ট বিধানচন্দ্র রায় স্মারক ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের দাবি, আধুনিক পরিকাঠামো সমৃদ্ধ এই নতুন ভবন চালু হওয়ায় হাসপাতালে রোগী পরিষেবা ও চিকিৎসা ব্যবস্থার পরিধি আরও বাড়বে। চিকিৎসা পরিষেবার মান উন্নত করা এবং রোগীদের আরও উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এই ভবন তৈরি করা হয়েছে।
একই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিধাননগরের রাজ্য স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনেরও সূচনা করেন। প্রায় ১০২ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই ভবনে প্রশাসনিক দফতরের পাশাপাশি শিক্ষামূলক সেমিনার ও অন্যান্য গুরুত্বপূর্ণ অ্যাকাডেমিক কার্যক্রমের জন্য আলাদা পরিকাঠামো রাখা হয়েছে। রাজ্য সরকারের মতে, স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের পাশাপাশি চিকিৎসা শিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও এই নতুন পরিকাঠামো বড় ভূমিকা নেবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*