বয়স ৮৫ বা তার বেশি, ভোটারদের বাড়ি গিয়েই শুনানি করবে কমিশন

Spread the love

রোজদিন ডেস্ক : এসআইআরের শুনানি পর্বে ৮৫ বছর বা তার ঊর্ধ্বে বয়সী ভোটারদের বাড়ি গিয়ে শুনানির জন্য নির্বাচন কমিশন বিশেষ প্রস্তুতি শুরু করেছে। বর্তমানে রাজ্যে ৮৫ বছর বা তার ঊর্ধ্বে বয়সী ভোটারের সংখ্যা ২ লক্ষ ২২ হাজার ৬৯৬ জন। এই বিপুল সংখ্যক প্রবীণ ভোটারের কথা বিবেচনা করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল নির্বাচন কমিশনের কাছে চিঠি লিখে এই মর্মে প্রস্তাব পাঠিয়েছেন। যেখানে কোনও ৮৫ বছরের বেশি বয়সের ভোটারের শুনানি প্রয়োজন হবে, সেখানে এই বিশেষ ব্যবস্থা করা হবে। সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার এইআরও এবং সংশ্লিষ্ট পার্টের বিএলও ওই ভোটারের বাড়ি গিয়ে শুনানি করবেন। বয়সজনিত অসুবিধার কারণে যাতে কোনও যোগ্য ভোটারকে অযথা হয়রানির মুখে পড়তে না হয় সেকারণে এই উদ্যোগ। করোনা পর্বে প্রবীণ ভোটারদের কথা মাথায় রেখেই বাড়িতে গিয়ে ভোট গ্রহণের ব্যবস্থা চালু করেছিল নির্বাচন কমিশন। সেই সময় ৮০ বছর বা তার ঊর্ধ্বে বয়সী ভোটারদের জন্য এই বিশেষ সুবিধা চালু হয়েছিল। পরে কমিশন সিদ্ধান্ত নেয়, ৮৫ বছর বা তার ঊর্ধ্বে বয়সের ভোটারদের ক্ষেত্রেও বাড়িতে গিয়ে ভোটগ্রহণ করা হবে। রাজ্যে যখন এসআইআর নিয়ে শাসক-বিরোধী রাজনৈতিক তরজা ক্রমশ তীব্র হচ্ছে, সেই আবহে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত প্রবীণ ভোটারদের মধ্যে অনেকটাই স্বস্তি ফেরাতে পারে বলেই মনে করছে প্রশাসন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*