রোজদিন ডেস্ক : বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রাজ্যের ১৬টি জেলায় মোট ভোটারের সংখ্যা ৩.৬ কোটিরও বেশি। শনিবার এই তথ্য জানিয়ে দিল নির্বাচন কমিশন। বিবেচনাধীনদের মধ্যে এপর্যন্ত চূড়ান্ত তালিকায় স্থান পাওয়াদের ধরে এই সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৬০ লক্ষেরও বেশি। এরা ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচনে অংশ নিতে পারবেন। নির্বাচন কমিশনের তালিকা অনুযায়ী, এর মধ্যে পুরুষ ভোটার প্রায় ১ কোটি ৮৪ লক্ষ এবং মহিলা ভোটার প্রায় ১ কোটি ৭৫ লক্ষ। তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন ৪৬৫ জন। প্রথম দফার এই পর্বে উত্তর থেকে দক্ষিণবঙ্গ, বিস্তীর্ণ এলাকা জুড়ে ভোটগ্রহণ করা হবে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের পাশাপাশি দুই দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদও রয়েছে এই তালিকায়। একই সঙ্গে দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম, জঙ্গলমহল ও শিল্পাঞ্চল মিলিয়ে বড় এলাকা জুড়েই হবে ভোট। ভোটার সংখ্যার নিরিখে মুর্শিদাবাদ জেলা এই দফায় সবচেয়ে বড়। সেখানে মোট ভোটার ৫০ লক্ষেরও বেশি। মালদহে ভোটার প্রায় ২৮ লক্ষ। তুলনায় কম ভোটার কালিম্পং জেলায়, যেখানে ভোটার সংখ্যা ২ লক্ষের কাছাকাছি। এই দফায় একাধিক সংবেদনশীল জেলা রয়েছে, বিশেষ করে সীমান্তবর্তী এলাকা এবং জঙ্গলমহল। ফলে নিরাপত্তা ব্যবস্থা ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

Be the first to comment