রোজদিন ডেস্ক : মেসির অনুষ্ঠানে যুবভারতী জুড়ে বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনার তদন্তে নেমে এ বার অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্তের বাড়িতে তল্লাশি চালাল পুলিশ। শুক্রবার সকালে হুগলির রিষড়ায় শতদ্রুর বাড়ি যায় বিধাননগর দক্ষিণ থানার পাঁচজনের একটি দল। দলে ছিলেন একজন মহিলা পুলিশকর্মীও। তবে বাড়িতে তাঁর পরিবারের কেউ ছিলেন না। বাড়ির পরিচারিকাকে জেরা করার পাশাপাশি বিলাসবহুল ওই তিনতলা বাড়িতে তল্লাশি চালান পুলিশকর্মীরা। এদিন সকালে প্রথমে রিষড়া থানায় যায় বিধাননগর পুলিশ। সেখান থেকে রিষড়া থানার কয়েকজনকে সঙ্গে নিয়ে স্থানীয় বাঙুর পার্কে শতদ্রু দত্তের বাড়িতে যায় তাঁরা। বাড়ি দেখে তাজ্জব বনে যান পুলিশ কর্তারা। ঝাঁ-চকচক আধুনিক তিনতলা বাড়ি, সুইমিং পুল এবং ফুটবল খেলার মাঠ, কী নেই সেখানে? তবে ওই সময় বাড়িতে দু’একজন পরিচারিকা ছাড়া কেউ ছিলেন না। ঘরে ঘরে তল্লাশি চালালেও কিছু বাজেয়াপ্ত করা হয়নি বলেই দাবি পুলিশের। তদন্ত চলছে বলে সংবাদমাধ্যমকেও এড়িয়ে যায় পুলিশ। তবে মেসির অনুষ্ঠানে কালো টাকা ব্যবহার হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। গত ১৩ ডিসেম্বর যুবভারতীতে মেসির অনুষ্ঠানে তাণ্ডবের পরেই কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় শতদ্রুকে। আপাতত তাঁকে হেফাজতে নিয়ে তদন্ত করছে পুলিশ। অন্যদিকে, স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করল পুলিশ। নাম ঋজু দাস, সৌম্যদীপ দাস এবং তন্ময় দে। শুক্রবার তাঁদের আদালতে হাজির করানো হবে। এই নিয়ে যুবভারতী কাণ্ডে মোট ন’জনকে গ্রেফতার করল পুলিশ।

Be the first to comment