প্রতিবেদন: রাজ্যের বিভিন্ন এলাকা থেকে প্রায় প্রতিদিনই বিপুল অঙ্কের নগদ টাকা উদ্ধার হয়েই চলেছে। বীরভূমের টুলু মণ্ডল কাণ্ডের পরপরই মালদহের একটি ফ্লাট থেকে নগদ টাকা ও নিষিদ্ধ সিরাপ উদ্ধার হয়েছিল। ফের ঘটনাস্থল সেই মালদহ। এবার দুই বাইক আরোহীকে পাকড়াও করে প্রায় ৪১ লক্ষ টাকা নগদ ও ৫৬৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশ। যার বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকার কাছাকাছি বলেই পুলিশের দাবি। এই ঘটনাকে কেন্দ্র করে মালদহের গাজোলে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, গাজোলের রাঙাভিটা এলাকার ১২ নম্বর জাতীয় সড়কে পুলিশ একটি সন্দেহজনক বাইক আটক করে। বাইকে চালক ছাড়াও একজন ছিল। তাদের তল্লাশি করতেই বিপুল অঙ্কের টাকা ও ব্রাউন সুগার উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে তারা ডালখোলা থেকে মালদার দিকে যাচ্ছিল। ধৃতদের নাম সিদ্ধার্থ মন্ডল ও কিশোর মন্ডল যাদের বাড়ি মালদার কালিয়াচকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Be the first to comment