রোজদিন ডেস্ক : অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার লালাচেরুভুর ও স্বরূপনগরে ভেজাল দুধ পান করে ১৩ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ৭ জন ভর্তি আছেন। এই ঘটনায় উদ্বিগ্ন রাজ্য সরকার জরুরি ভিত্তিতে গ্রামে স্বাস্থ্য শিবির খুলেছে। চিকিৎসকদের প্রতিনিধি দলও পাঠিয়েছে৷
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। মৃত ১৩ জনের শোকাতুর পরিবারে এখন শুধু হাহাকার।
সূত্রের খবর, গত ২২ ফেব্রুয়ারি এই বিষয়ে গ্রামবাসীদের প্রথম সন্দেহ হয়। ওই দিন বেশ প্রবীণ বাসিন্দা বমি, পেট ব্যথার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। এলাকার বাসিন্দাদের দাবি, বাড়ি বাড়ি যে দুধ দেওয়া হয়, তা পান করার পর তাঁরা অসুস্থ হয়ে পড়েন।
অসুস্থদের শারীরিক পরীক্ষা করে রক্তে ইউরিয়া, ক্রিয়েটিনিনের মাত্রা বৃদ্ধি পেয়েছে। প্রাথমিকভাবে ভাবে এর জন্য দুধের বিষক্রিয়াকে দায়ী করা হয়েছে। সংশ্লিষ্ট ডেয়ারি ফার্ম থেকে দুধ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
রাজ্য সরকার পরিস্থিতির মোকাবিলায় এলাকায় অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল, নার্স, স্বাস্থ্য কর্মী প্রমুখকে রেখেছে। তাদের জরুরি ভিত্তিতে কাজ করতে বলা হয়েছে।
উল্লেখ্য, কয়েক মাস আগে বিষাক্ত পানীয় জল পান করে মধ্যপ্রদেশের ইন্দোরে বহু মানুষ প্রাণ হারান। বিপুল সংখ্যক মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

Be the first to comment