রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন আজ দিল্লি এলেন, তাঁকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Spread the love

রোজদিন ডেস্ক : রাশিয়ার রাষ্ট্র পতি ভ্লাদিমির পুতিন আজ সন্ধ্যায় দিল্লি এলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান। পুতিনের আগমন উপলক্ষে রাজধানী দিল্লি কড়া নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়। প্রধানমন্ত্রী তাঁর সম্মানে আজ নৈশভোজের আয়োজন করছেন বলে জানা গেছে।
কংগ্রেস সাংসদ রাজীব শুক্ল ও রেণুকা চৌধুরী পুতিনের সফরকালে তাঁর সঙ্গে বিরোধী নেতাদের পরিচয় না করানো, তাঁর সঙ্গে দেখা করতে না দেওয়ার বিরুদ্ধে সরব হয়েছেন। তাঁদের অভিযোগ, এই সরকার আগের সব রীতিনীতি লঙ্ঘন করছে। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, অটল বিহারি বাজপেয়ী প্রমুখের উল্লেখ করে পৃথকভাবে তাঁরা জানান, ওঁরা যে সৌজন্য দেখাতেন, এখন তা নেই।
রাশিয়ার রাষ্ট্রপতির এই সফর নিয়ে কেন্দ্রীয় সরকার খুবই উচ্ছ্বসিত, বাণিজ্য, বিনিয়োগ-সহ একাধিক বিষয়ে উভয় পক্ষের আলোচনা ও তা ফলপ্রসূ হবে বলে তাঁরা আশা করছেন। আগামীকাল পুতিন ২৩তম ভারত-রাশিয়া সম্মেলনে ভাষণ দেবেন।
আজ প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা আছে।
দুদিনের সফরে রাশিয়ার রাষ্ট্রপতির ঠাসা কর্মসূচি আছে। আগামীকাল তিনি রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিতে শ্রদ্ধা জানাবেন।দেখা করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুর সঙ্গে।
পুতিনের সঙ্গে এক প্রতিনিধি দলও এসেছেন। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার রাষ্ট্রপতি ও তাঁর সঙ্গীদের জন্য হায়দ্রাবাদ হাউসে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করেছেন।
কাল রাতে তাঁদের দিল্লি থেকে দেশে ফিরে যাওয়ার কথা আছে।
রাশিয়ার সঙ্গে ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বপুর্ণ হৃদ্য সম্পর্ক অটুট থাকবে বলেই উভয় পক্ষের আশা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*