রোজদিন ডেস্ক :
নিট আন্দোলনে প্রতিবাদী পড়ুয়াদের বাড়ি “গুন্ডা” পাঠিয়ে ক্ষমা চাওয়ানো হচ্ছে বলে আজ তোপ দাগলেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী। আজ বেশ কয়েকজন পড়ুয়া তাঁর সঙ্গে দেখা করেন। পরে তাঁদের কয়েকজনকে পাশে নিয়ে রাহুল গান্ধী অভিযোগ করেন, পড়ুয়াদের ক্ষমা চাওয়ানোর জন্য চাপ দেওয়া হচ্ছে। হেনস্থা করা চলছে। এমনকি মহিলাদের বাড়ি গুন্ডা পাঠানো হচ্ছে। বিজেপি ও কেন্দ্রকে নিশানা করে তিনি বলেন, এই সবের পর বলা হচ্ছে, ক্ষমা করে দেওয়া হোল! একে তিনি “ননসেন্স” রাজনীতি বলে তীব্র ধিক্কার জানান।
প্রসঙ্গত, নিট প্রশ্নপত্র ফাঁসে শিক্ষামন্ত্রীর (এখন প্রাক্তন) ইস্তফার দাবিতে দেশব্যাপী প্রতিবাদের ঝড় ওঠে। যন্তর মন্তরে শুরু হওয়া আন্দোলনের স্ফুলিঙ্গ ক্রমে দেশব্যাপী দাবানলের রূপ নেয়।
কংগ্রেস সহ বিরোধীরা প্রথম থেকেই পড়ুয়াদের এই আন্দোলনে সংহতি জানায়। নিজেদের মত করে বিক্ষোভও করে। ঘরে বাইরে চাপের মুখে কার্যত ইস্তফা দিতে বাধ্য হন তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
মূল আন্দোলন কারী ককরোচ জনতা পার্টিকে কথা দিলেও এখনও বিভিন্ন রাজ্যে, বিভিন্ন ভাবে আন্দোলনে অংশ নেওয়া পড়ুয়াদের হেনস্থা করা হচ্ছে বলে রাহুল গান্ধীর অভিযোগ।
প্রচার মাধ্যমের সামনেই পড়ুয়াদের তিনি দৃপ্তকন্ঠে বলেন, “তোমরা কোন ভুল করোনি। তোমরা ক্ষমা চাইবে না। তোমরা দেশের সংবিধান, শিক্ষা ব্যবস্থা ও ভবিষ্যৎ রক্ষা করতে নেমেছো। ” সাংবিধানিক মূল্যবোধ থেকেই তাঁরা পড়ুয়াদের পাশে আছেন বলে রাহুল গান্ধী জানিয়ে দেন।
তাঁর পাশে থাকা প্রতিবাদীরা পড়ুয়ারাও জানান, কিভাবে তাঁরা হেনস্থার শিকার হচ্ছেন।
সি জে পি আন্দোলনের সময় মুম্বাইয়ে পুলিশের প্রিজন ভ্যান আটকে সংবাদের শিরোনামে আসা রিয়া আহেরিও আজ রাহুল গান্ধীর পাশে ছিলেন। দৃঢতার সঙ্গে তরুণী বলেন, তিনি মুম্বাই পুলিশকে আটকে দিয়েছিলেন বলা হয়েছে। তিনি আসলে কুড়ি জন নিরপরাধ পড়ুয়াকে মুক্ত করেছিলেন। নাম না করে কেন্দ্রকে বিঁধে তিনি বলেন, ভাষা বদলান, চিন্তা বদলান।
শিক্ষাব্যবস্থা নিয়ে কথা বলায় হিন্দু মুসলমান প্রসঙ্গ কেন তোলা হয়েছিল, প্রশ্ন তোলেন দৃপ্ত তরুণী মুসকান শর্মা। বলেন, তাঁর নাম শুনে মুসলিম বলে দাগিয়ে দেওয়া হয়। আর এক পড়ুয়া উত্তর প্রদেশের ফারহানের অভিযোগ, তাঁর নাম দেখে, ধর্ম চিহ্নিত করে পুলিশ আলাদা তাকিকা করেছিল। এক পড়ুয়ার মন্তব্য, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এই ভাবে পুলিশ তাঁদের পেটালো, ছররা চালালো, তবে অমিত শাহর ইস্তফা চাইলে তো গুলি করে দিত!
বিরোধী নেতা রাহুল গান্ধী প্রশ্ন তোলেন, সারা দেশের সংবাদ মাধ্যমের সামনে প্রতিবাদীরা হাজির। মোদি শাহ কোথায়?

Be the first to comment