রোজদিন ডেস্ক : এসআইআর থেকে বিধানসভা নির্বাচন। নির্বাচনী কাজের চাপ যতই বাড়ুক মানুষের নিত্যদিনের পরিষেবা ও উন্নয়ন যেন ব্যাহত না হয়। মঙ্গলবার প্রশাসনকে স্পষ্ট বার্তা দিলেন দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে রাজ্যের সমস্ত জেলা শাসকদের সতর্ক করে তিনি বলেন, নির্বাচনী দায়িত্বের পাশাপাশি নাগরিক পরিষেবা বজায় রাখা প্রশাসনের প্রথম কর্তব্য।জেলাশাসকদের বলছি, আপনারা ভোটের কাজ করছেন করুন। কিন্তু মাথায় রাখবেন, সাধারণ মানুষের কাজগুলোও। তিনি ঘোষণা করেন, যাঁরা ভাল কাজ করবেন তাঁদের বিশেষ পুরস্কার দেওয়া হবে। মন্ত্রীদের নির্দেশ দেন, জেলার প্রতিটি উন্নয়নমূলক প্রকল্প সঠিকভাবে চলছে কিনা তা নিয়মিত খতিয়ে দেখতে হবে।মানুষের উন্নয়ন সংক্রান্ত প্রকল্প ও পরিষেবা যাতে কোথাও থমকে না যায়, তা নিশ্চিত করতে দশ জনকে জেলা পরিদর্শনের দায়িত্ব দিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী। সরকারি প্রকল্পের অগ্রগতি, রূপায়ন এবং পরিষেবা ঠিক আছে কিনা, তার ওপর নজর রাখবেন এই পর্যবেক্ষকরা। সবমিলিয়ে ভোটের আগে উন্নয়নই যে তাঁর হাতিয়ার সেটা এদিন স্পষ্ট করে দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
এর পাশাপাশি এদিন এসআইআরে মৃতদের পাশে থাকারও বার্তা দিয়েছেন তিনি। নবান্নে তিনি জানান, এসআইআর প্রক্রিয়া শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আত্মহত্যা যেমন আছে, তেমনই রয়েছে হৃদ্রোগ বা ব্রেন স্ট্রোকে মৃত্যু। মুখ্যমন্ত্রীর কথায়, এসআইআর আতঙ্কে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রত্যেকের পরিবার দু’লক্ষ টাকা করে আর্থিক সহায়তা পাবে। সরকারি হিসাবে, বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৩ জন। এদের মধ্যেই রয়েছেন কাজের চাপে অসুস্থ হয়ে পড়া তিনজন বিএলও। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই ১৩ জনের প্রত্যেককেই এক লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।
রাজ্যে তৃণমূলের আমলে গত ১৪ বছরে কর্মসংস্থানে নতুন জোয়ার এসেছে। দু’কোটিরও বেশি মানুষের কাজের সুযোগ তৈরি হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে তিনি বলেন, রাজ্যে দু’কোটিরও বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। সারা দেশে বেকারত্বের হার আমরা ৪০ শতাংশ কমিয়েছি। আর্থিক বৃদ্ধির গতিকে ত্বরান্বিত করতে রাজ্যে একের পর এক নতুন শিল্প ও বিনিয়োগ প্রকল্প এগিয়ে চলেছে। তিনি বর্তমানে ছ’টি অর্থনৈতিক করিডর তৈরির কাজ চলছে। এর ফলে আগামী দিনে অন্তত আরও এক লক্ষ কর্মসংস্থান তৈরি হবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী। দেউচা, পাঁচামি প্রকল্পেও এক লক্ষ কর্মসংস্থানের কথা উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment