রোজদিন ডেস্ক : এসআইআর নিয়ে সংসদে বিরোধীদের তুমুল বিক্ষোভের জেরে সৃষ্ট অচলাবস্থা নিরসনে সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। আজ এই বৈঠক হবে বলে সংসদ ভবন সূত্রে জানা যায়।
প্রসঙ্গত, গতকাল সংসদের শীতকালীন অধিবেশন শুরু হওয়ার পর থেকেই এসআইআর নিয়ে আলোচনার দাবিতে সরব বিরোধী পক্ষ। আজ দ্বিতীয় দিনেও তুমুল বিক্ষোভের জেরে সংসদ মূলতুবি হয়ে যায়। যা নিয়ে বিড়ম্বিত কেন্দ্রীয় সরকার। পরিষদীয় মন্ত্রী কিরেন রিজুজু আজ সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলেন। কিন্তু নির্বাচনী সংস্কার নিয়ে কবে আলোচনা হবে তা বলতে অস্বীকার করেন। তাঁর বক্তব্য, বিরোধীরা এই সব নিয়ে সরকারকে নির্দেশ দিতে পারে না। সূত্রের খবর, এসআইআর নিয়ে বিরোধীদের আলোচনার দাবিও তিনি খারিজ করে দেন। জানান, এসআইআর নির্বাচন কমিশনের প্রশাসনিক ব্যাপার, এতে কেন্দ্রীয় সরকারের কিছু করার নেই। তবে সরকারের পরিধির মধ্যে হলে নির্বাচনী সংস্কার নিয়ে তাঁরা আলোচনা করতে পারেন।
বিরোধী পক্ষ অবশ্য সংসদে এসআইআর নিয়ে আলোচনার দাবিতে অনড় আছেন।
সূত্রের খবর, বন্দে মাতরমের দেড়শো বছর পূর্তি নিয়ে সরকার আলোচনায় আগ্রহী। এর জন্য ১০ ঘণ্টা সময়ও বরাদ্দ করা হয়েছে।
অন্যদিকে পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২টি রাজ্যে এসআইআর নিয়ে যে অস্থিরতা, সমস্যা, মৃত্যু মিছিল চলেছে তা নিয়ে সংসদে আলোচনার দাবি থেকে বিরোধীরা সরতে রাজি নন।
অধ্যক্ষর সঙ্গে বৈঠকে এই সমস্যা মিটবে কিনা রাজনৈতিক মহল এখন তার অপেক্ষায়।

Be the first to comment