শুনানিতে ডাকা হলে আতঙ্কিত হওয়ার কিছু নেই, আশ্বাস কমিশনের

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যে এসআইআরের দ্বিতীয় পর্বে প্রাথমিকভাবে প্রায় ১ কোটি ৩৬ লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হতে পারে। তবে যাচাই প্রক্রিয়ায় একাধিকবার থাকা নাম বা ডুপ্লিকেট এন্ট্রি বাদ পড়লে এই সংখ্যা কিছুটা কমবে। এমনই জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। শুনানির জন্য ডাকা হলেও ভোটারদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তিনি জানান, খসড়া তালিকা প্রকাশের এক সপ্তাহের মধ্যেই শুনানি শুরু হতে পারে। বড় রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ নির্ধারিত সময়ের মধ্যেই এই কাজ শেষ করেছে। অনেক রাজ্য সময় বাড়ানোর আবেদন করেছিল। সিইও আগরওয়াল জানান, যেসব বুথে ১২০০-র বেশি ভোটার রয়েছেন, সেখানে অতিরিক্ত বিএলও নিয়োগ করা হয়েছে। গোটা প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলির এজেন্টদের সহযোগিতার কথা উল্লেখ তাঁদের ধন্যবাদ জানান। খসড়া তালিকা নিয়ে কোনও তথ্য বা অভিযোগ থাকলে তা সরাসরি অবজার্ভারদের কাছে জানানো যাবে বলেও জানান তিনি। সেই সঙ্গে রাজ্যের বিভিন্ন জায়গায় বিশেষ ক্যাম্প খোলা হয়েছে এবং বিএলএ-বিএলও বৈঠকও শেষ হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক আরও জানান, কমিশন জানিয়েছিল, যে যেসব ভোটার বাদ পড়বেন, তাঁদের নাম এএসডিডি তালিকায় থাকবে। সেই অনুযায়ীই তালিকা তৈরি করা হয়েছে। এবারই প্রথম পুরো এসআইআর প্রক্রিয়া অনলাইনে করা হল। মিসম্যাচ বা পদ্ধতিগত কারণে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের ডাকা হবে এবং এতে কোনও অসুবিধা হবে না বলেই আশ্বাস দেন তিনি। খসড়া ভোটার তালিকায় নাম না থাকলে সংশ্লিষ্ট ভোটারদের ফর্ম ৬ ও অ্যানেক্সচার ৪ জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শুনানির জন্য হাজির হতে না পারার যদি কোনও প্রকৃত কারণ থাকে, তাহলে তা অবশ্যই বিবেচনা করা হবে বলেও জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*