রোজদিন ডেস্ক : ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী আগামী ১৭ ডিসেম্বর কলকাতায় ছোট উদ্যোগী ও ব্যবসায়ীদের এক সম্মেলন হতে চলেছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সম্মেলনের আয়োজন করছে কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশন্স। রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রায় ১২ হাজার ছোট ব্যবসায়ী ও উদ্যোগপতিরা এখানে যোগ দেবেন। এরাজ্যে ব্যবসা করার পথ কীভাবে আরও সহজ করা যায়, তা নিয়েই মূলত আলোচনা হবে ওই সম্মেলনে। এমনই জানিয়েছেন কনফেডারেশনের কর্তারা। আলোচনায় গুরুত্ব পাবে, এই রাজ্যে সহজে ব্যবসা করার পন্থা, পরিকাঠামোর আধুনিকীকরণ, ব্যবসায়ীদের নিত্যদিনের সমস্যা-সহ একাধিক বিষয়। ব্যবসায়ীরা সরকারের সঙ্গে একযোগে কীভাবে কাজ করতে পারেন, কোন কোন ক্ষেত্রে তা সম্ভব, সে সব নিয়েও আলোচনা হবে ওই সম্মেলনে। আগামীদিনে রাজ্যে কোন কোন ক্ষেত্রে সম্ভাবনা তৈরি হচ্ছে তা নিয়েও মত বিনিময় করবে ব্যবসায়ীমহল। সম্মেলনে মুখ্যমন্ত্রীও উপস্থিত থাকতে পারেন। তবে তা এখনও চূড়ান্ত নয়।

Be the first to comment