সংবিধান রক্ষার শপথ, পথে নামল তৃণমূল মহিলা কংগ্রেস

Spread the love

রোজদিন ডেস্ক : দেশের সংবিধান নিয়ে খেলা করছে বিজেপি। ভারতের সংবিধান যেখানে সমস্তরকম ভেদাভেদের বিরুদ্ধে সকলকে সমান অধিকারের কথা বলেছে, মোদি-শাহের বিজেপি সরকার সেই অধিকার কেড়ে নতুন করে সংবিধান তৈরি করতে চাইছে। তাই দেশের সংবিধানকে রক্ষা করার দাবিতে পথে নামল তৃণমূল মহিলা কংগ্রেস। সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে মঙ্গলবার অ্যাকাডেমি অফ ফাইন আর্টস থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে শামিল হলেন তৃণমূল মহিলা কংগ্রেসের সদস্যরা। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ডাঃ শশী পাঁজা, শিউলি সাহা-সহ উত্তর ও দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার তৃণমূল মহিলা নেতৃত্বরা। ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে মিছিল শেষে মশালের আগুনে সংবিধানকে রক্ষা করার লড়াইয়ে জোট বাঁধার শপথ নিলেন তৃণমূলের মহিলা সদস্যরা। মিছিল শেষে মহিলা তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, সংবিধান তৈরির জন্য যে গণপরিষদ তৈরি হয়েছিল, ১৯৪৬ সালের আজকের দিনেই সেই গণপরিষদের প্রথম বৈঠক হয়। সেই গণপরিষদের সদস্যদের মধ্যে ১৫ জনই ছিলেন মহিলা! অর্থাৎ মহিলাদের অগ্রাধিকার দেওয়া তখন থেকেই সংবিধানপ্রণেতাদের চিন্তাধারায় ছিল। ধর্ম-জাতি-শ্রেণির নিরিখে কোনও বিভাজন-বৈষম্য নয়, এটা সংবিধানের নিদান। সেই সংবিধানেই আমাদের মৌলিক অধিকারের কথা বলা আছে। কিন্তু আজকে কেন্দ্রের বিজেপি সরকার সেই সংবিধানকে পাল্টে দিতে চাইছে। নতুন করে সংবিধান লেখার অপচেষ্টা চলছে। সংবিধানের শপথ নিয়ে সরকার বসিয়ে এখন সেই সংবিধানকেই আক্রমণ করছে বিজেপি। তাই সেই সংবিধানকে রক্ষা করার শপথ নিতেই আজকে আমরা পথে নেমেছি। জোট বাঁধো, তৈরি হও; বাংলার অধিকার রক্ষার শপথ নাও!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*